রাজস্থলীতে ২ এপ্রিল থেকে বিদ্যুৎ নেই
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় ২ এপ্রিল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এলাকাবাসী গরমে অতিষ্ঠ, চলছে না কম্পিউটার, টেলিভিশন, ফটোস্ট্যাট মেশিন। চার্জ দিতে না পারায় বন্ধ হয়ে গেছে মুঠোফোন যোগাযোগও। উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই সুই খই মারমা গতকাল বুধবার প্রথম আলোকে এ সব তথ্য জানান।উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লংবতি ত্রিপুরা জানান, ‘বিদ্যুতের অভাবে প্রায় ১০ হাজার পরিবার অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। জনজীবন অতিষ্ঠ। কবে বিদ্যুৎ আসবে তা-ও আমাদের জানানো হচ্ছে না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাদ ছাল্লাল বলেন, ২ এপ্রিল ঝড় ও বজ্রপাতের সময় রাজস্থলীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর পর থেকে আর বিদ্যুতের দেখা মেলেনি। বিদ্যুৎ নেই, তাই কম্পিউটার চালু করা যাচ্ছে না, প্রয়োজনীয় ই-মেইল পাঠানো যাচ্ছে না। অফিসের জরুরি কাজ বিঘ্নিত হচ্ছে। লিচুবাগানে অবস্থিত বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মো. মোশাররফ হোসেন বলেন, ২ এপ্রিল থেকে টানা প্রায় সাত দিন এলাকায় ঝড় বৃষ্টি ও বজ্রপাত হয়। এতে অনেক ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় ট্রান্সফরমার জ্বলে যায়। সে সঙ্গে ইন্সুলেশন করা বৈদ্যুতিক ক্যাবলের বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে পানি ঢুকে যায়। একবার লাইন সচল করার পর আবারও বজ্রপাতে ট্রান্সফরমার জ্বলে যায়। ১১ এপ্রিল অন্য একটি ট্রান্সফরমার বসানো হয়। মাত্র ৪০ মিনিট সচল থাকার পর সেটিও জ্বলে যায়। কক্সবাজার থেকে আরেকটি ট্রান্সফরমার সংগ্রহের চেষ্টা চলছে। আশা করা যায়, শনিবারের মধ্যে ট্রান্সফরমার বসানো যাবে।