আগামী অর্থবছরে কেরোসিনের দাম হ্রাস এবং কর্মরত বিদেশিদের করের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংসদেরা। তবে সংশয় প্রকাশ করেছেন প্রস্তাবিত বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে। পাশাপাশি কর আদায় পদ্ধতি আরও সহজ চেয়েছেন।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল বুধবার জাতীয় সংসদে এসব সুপারিশ ও সংশয়ের কথা বলেন আওয়ামী লীগ দলীয় ও স্বতন্ত্র সাংসদেরা।
৪ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট ও চলতি অর্থবছরের সম্পূরক বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর এর ওপর গতকাল থেকে সাধারণ আলোচনা শুরু হয়েছে।
আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সাংসদ পঞ্চানন বিশ্বাস কেরোসিনের দাম কমানোর সুপারিশ করে বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে তেলের দাম কমানো হয়নি। গরিব জনগোষ্ঠীর কথা চিন্তা করে হলেও আগামী বাজেটে কেরোসিনের দাম কমানো হোক। এ ছাড়া কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য সরাসরি কৃষকের কাছ থেকে চাল ক্রয়ের সুপারিশ করেন খুলনা থেকে নির্বাচিত এ সাংসদ।
আগামী বাজেটে ৭ শতাংশ জাতীয় দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জন করা অসম্ভব নয় বলে দাবি পঞ্চাননের। তাঁর মতে, গ্রামীণ অর্থনীতিও এখন বেশ চাঙা। এ কারণে গ্রামে এখন কাজের লোকও খুঁজে পাওয়া যায় না।
অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম বাংলাদেশে কর্মরত বিদেশিদের কাছ থেকে কর আদায়ের দাবি জানান। এ সময় তিনি বলেন, বিদেশিদের কর আদায়ের ক্ষেত্রে ধাক্কা দেওয়া গেলে বাজেট ঘাটতির টাকা এ খাত থেকে আদায় করা সম্ভব। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে উদ্দেশ করে হাজি সেলিম বলেন, এনবিআরের কানে একটু পানি দেওয়ার ব্যবস্থা করলে ভালো হয়।
বাজেট আলোচনায় সাংসদ আলী আশরাফ বলেন, কর আদায় পদ্ধতি সহজ করা হলে দেশের মানুষ কর দিতে আগ্রহী হবে। কর প্রশাসনের গায়ে ভূত আছে। যদি কর আদায় পদ্ধতি সহজ করা হয়, তাহলে এক কোটি মানুষের কাছ থেকে কর আদায় করা সম্ভব।
সাংসদ তাহজীব আলম সিদ্দিকী বলেন, পরিচিত অর্থনীতিবিদ, অনুগত ব্যবসায়ী সংগঠন, সমভাবনার সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বললেই বাজেট সবার অংশগ্রহণমূলক হয়ে যায় না। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা কোনোভাবেই বাস্তবিক নয়; বরং যাঁরা করের আওতায় আছেন, তাঁদের ওপরই করের চাপ বাড়ছে।
অতীতে পুঁজিবাজার যারা নিয়ন্ত্রণ করেছে, তারা পুঁজিবাজারকে ক্যাসিনো হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ তুলে তাহজীব আলম বলেন, এখনো পুঁজিবাজার পুঁজি গঠনে যথাযথ ভূমিকা রাখতে পারছে না।
বাজেটের আকার ‘বড়’ এমন সমালোচনার জবাবে হুইপ শহীদুজ্জামান সরকার বলেন, ‘আমরা আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। বিএনপি বাজেটের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক।’ তিনি বলেন, ‘বিএনপির মতো “দেশ শত্রু” যদি আমাদের বাজেটের প্রশংসা করে, তাহলে বুঝতে হবে, আমরা ভুল পথে হাঁটছি।’