রাজস্ব আদায়ে বড় ধাক্কা, ছয় হাটের ইজারা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের প্রধান ছয়টি হাট ইজারা দিয়ে গত বছর রাজস্ব আদায় করেছিল ১১ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ৪৩৪ টাকা। চলতি বছর এসব হাট থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১২ কোটি ৭১ লাখ ১১ হাজার ৭৫৬ টাকা। কিন্তু গত চার মাসে ছয়বার বিজ্ঞপ্তি প্রকাশ করেও কাঙ্ক্ষিত দর পায়নি। ছয় হাটের জন্য সর্বোচ্চ দর উঠেছে ৮ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩৫৮ টাকা।

এই ছয়টি হাট চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব আয়ের অন্যতম বড় খাত। এসব হাট ইজারা দিতে না পারায় চিন্তিত সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তারা।

১ বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত বাংলা সন অনুযায়ী এক বছরের জন্য নগরের ২২টি হাট ইজারা দেয় সিটি করপোরেশন। ইজারা দিতে না পারা ছয়টি হাটের মধ্যে পশুর হাট দুটি। বাকি চারটি কাঁচাবাজার। ছয়টি হাট হচ্ছে সাগরিকা গরু বাজার, বিবিরহাট গরু বাজার, কর্নেলহাট, ফইল্যাতলী বাজার, দেওয়ানহাট ও বক্সিরহাট। প্রাপ্ত দরে এই ছয়টি হাট ইজারা দেওয়া যাবে কি না, তা জানতে চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের কর্মকর্তা ও ইজারাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন কারণে ছয়টি হাটে নির্ধারিত দর পাওয়া যাচ্ছে না। এগুলো হচ্ছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হাটগুলোর ইজারামূল্য এবার ২৫ শতাংশ বৃদ্ধি (গত তিন বছরের গড় মূল্যের তুলনায়) করা হয়েছে, নগরের প্রবেশমুখে অবৈধ পশুর হাট বসা এবং কোরবানির ঈদের সময় সন্ত্রাসীদের চাঁদাবাজি।

সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ছয়টি হাটের ইজারামূল্য যেভাবে বেড়েছে, সেভাবে বাজার সম্প্রসারণ হয়নি। হাসিলের (পশু বা পণ্যের দামের ওপর ইজারাদারের প্রাপ্য টাকা। সাধারণত প্রতি হাজারে ইজারাদার পান ৫০ টাকা) হারও বাড়েনি। এ ছাড়া নগরের প্রবেশমুখগুলোতে অবৈধভাবে হাট বসায় ইজারাদারেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ জন্য ইজারাদারেরা আগ্রহ পাচ্ছেন না।

সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, ২২টি হাটের মধ্যে ১৫টি হাট ৩ কোটি ২০ লাখ ৭১ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে। মামলার কারণে একটি হাটের ইজারা কার্যক্রম স্থগিত রয়েছে।

সিটি করপোরেশন হাটবাজারগুলো ইজারা দিতে চলতি বছর প্রথমবার বিজ্ঞপ্তি দেয় গত ৩১ জানুয়ারি। ওই সময় ছয়টি হাটের মধ্যে চারটিতেই কোনো দরপত্র ফরম জমা পড়েনি। সর্বশেষ ৯ মে এসব হাটের বিপরীতে দরপত্র ফরম জমা পড়লেও কাঙ্ক্ষিত দর পাওয়া যায়নি।

করপোরেশনের রাজস্ব বিভাগের তথ্যমতে, সাগরিকা গরু বাজারে দর পাওয়া যায় ৬ কোটি ২৫ লাখ টাকা। এই হাটের নির্ধারিত ইজারামূল্য ৯ কোটি ৫ লাখ টাকা। বিবিরহাটের ৩ কোটি ৩ লাখ টাকার বিপরীতে দর ওঠে ১ লাখ ৫২ হাজার টাকা। কর্নেলহাটের নির্ধারিত দর ২১ লাখ ৮ হাজার টাকা হলেও পাওয়া যায় ১২ লাখ ১২ হাজার টাকা। ফইল্যাতলী বাজারে ১৬ লাখ ৯০ হাজার টাকার বিপরীতে সর্বোচ্চ দর ১১ লাখ ৫৫ হাজার টাকা। এ ছাড়া দেওয়ানহাট ও বক্সিরহাটের ইজারামূল্য যথাক্রমে ৮ লাখ ২১ হাজার টাকা ও ১৬ লাখ ৪৪ হাজার টাকা হলেও ইজারাদারেরা দর দিয়েছেন যথাক্রমে ৪ লাখ ১ হাজার টাকা ও ১৪ লাখ ৫৩ হাজার টাকা।

গত বছর ৮ কোটি ২১ লাখ টাকায় সাগরিকা পশুর হাট ইজারা নেন ব্যবসায়ী সাইফুল হুদা। এবারও একই হাটের ইজারা নিতে তিনি আবেদন করেছেন। তবে এবার দর দিয়েছেন গতবারের চেয়ে প্রায় ২ কোটি টাকা কম। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, কর্ণফুলী নদীর দক্ষিণ পারে পটিয়ার মইজ্জ্যারটেকে অবৈধ পশুর হাট বসে। এতে হাটে পশু আসার সংখ্যা কমে যায়। এর মধ্যে এ বছর ইজারামূল্য ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। এসব কারণে বর্তমান দরে হাট ইজারা নিয়ে মূলধন তোলাই কঠিন। গত বছর হাট ইজারা নিয়ে ২ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ব্যবসায়ী সাইফুল হুদা বলেন, গত বছর বিবিরহাট পশুর হাটের এক ইজারাদারের ভাতিজাকে সন্ত্রাসীরা তুলে নিয়ে চাঁদা আদায় করে। এসব কারণেও এবার ইজারাদারেরা ভয়ের মধ্যে রয়েছেন বলে জানান তিনি।