রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে এনবিআর চেয়ারম্যানের নির্দেশনা
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক, মূসক ও আয়কর কর্মকর্তাদের বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন। যেসব খাতে রাজস্ব আদায় বাড়ানোর সুযোগ আছে, সেসব খাত শনাক্ত করে বিশেষ কর্মসূচি নেওয়ারও নির্দেশনা দেন তিনি।গত বৃহস্পতিবার রাতে পূর্বাঞ্চলীয় শুল্ক, মূসক ও আয়কর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে রাজস্ব পর্যালোচনা সভায় গোলাম হোসেন এই নির্দেশনা দেন। এ সময় রাজস্ব বোর্ডের সদস্য হুসেইন আহমেদ, মো. নাসির উদ্দিন, সৈয়দ মো. আমিনুল করিম, মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।গোলাম হোসেন বলেন, চলতি অর্থবছরের সাত মাসে লক্ষ্যমাত্রার চেয়ে তিন হাজার কোটি টাকার রাজস্ব কম আদায় হয়েছে। অবশ্য গত বছরের তুলনায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। উচ্চতর আদালতের মামলা নিষ্পত্তি করতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া, নিরীক্ষা কার্যক্রমে গতি আনতে প্রশিক্ষণ একাডেমিতে বিশেষ কোর্স এবং মাঠপর্যায়ে জনবল ও সরঞ্জাম নিয়োগ দ্রুততর করার ওপর জোর দেন তিনি।