রাজস্ব আয় কোটি টাকা, উন্নয়ন নেই
পাবনার বেড়া পৌরসভার করমজা হাটবাজার থেকে বছরে কোটি টাকা রাজস্ব আয় হলেও এর কোনো উন্নয়ন নেই। ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগের অন্ত নেই।জানা গেছে, প্রতি মঙ্গল ও শনিবার এখানে হাট বসে। আর সপ্তাহে প্রতিদিনই বসে বাজার। রাজস্ব আদায়ের বিচারে এই হাটবাজারটি এখন পাবনা জেলার সবচেয়ে বড় হাট। এ বছর হাটটি ইজারা দেওয়া হয়েছে এক কোটি এক লাখ টাকায়। গত ১৩ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানিতে হাটের অলিগলি ও বিভিন্ন দোকান প্লাবিত হয়েছে। অনেক দোকানের মালপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। গলিতে কাঁদায় হাঁটাচলার উপায় নেই। ছাউনি না থাকায় হাটুরেরা রোদবৃষ্টিতেই কেনাবেচা করছে। হাটে স্থানসংকুলান না হওয়ায় হাটুরেরা পণ্য নিয়ে পার্শ্ববর্তী মহাসড়কে গিয়ে বসেছে। ব্যবসায়ী ও ক্রেতা সূত্রে জানা গেছে, এই হাটবাজারের বড় সমস্যা জায়গা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা। মাছ ও মাংস বাজারের আশপাশে ময়লা-আবর্জনা জমে সৃষ্টি হয়ে থাকে অস্বাস্থ্যকর পরিবেশ। হাটে বিশুদ্ধ পানীয়জলের অভাব রয়েছে। একটিমাত্র শৌচাগার থাকলেও প্রয়োজনের তুলনায় তা একেবারেই অপর্যাপ্ত। এ ছাড়া হাটের বেশ কিছু জায়গা অবৈধ দখল হয়ে যাওয়ায় হাটুরেদের বাধ্য হয়ে পার্শ্ববর্তী পাবনা-বগুড়া মহাসড়কে পণ্য নিয়ে বসতে হয়ে।করমজা হাটবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘হাটের জায়গা অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় হাটে এখন স্থানসংকুলানই হচ্ছে না। এ ছাড়া জলাবদ্ধতায় এ বছর গরুর হাটটি নির্ধারিত জায়গায় বেশ কয়েক দিন বসতেই পারেনি।’পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রইজউদ্দিন বলেন, এই খানে মহাসড়কের ওপর হাট বসায় প্রত্যেক হাটবারে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বেড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এনামুল হক শামীম বলেন, ‘হাট নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলায় এতদিন এর উন্নয়নে কিছুটা স্থবিরতা ছিল। তবে মামলার চূড়ান্ত রায়ে হাটটি পৌরসভার সঙ্গে যুক্ত হওয়ার পর এর উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এক কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে হাটের বেশ কিছু উন্নয়ন করা হয়েছে। শিগগিরই হাটের জায়গা প্রশস্তকরণ, জলাবদ্ধতা দূরীকরণসহ মহাসড়কে যাতে হাট না বসে, সে ব্যাপারে কাজ শুরু হচ্ছে।’