রাজস্ব আয় বাড়াতে কাজ করছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার শাহরীয়ার আহমেদ চৌধুরী বলেছেন, সরকারের রাজস্ব আয় বাড়ানোর স্বার্থে বিজিবি চোরাচালান বন্ধে কাজ করে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চোরাচালান, অনুপ্রবেশ ও অপরাধ প্রবণতা রোধে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির হিলি সিপি ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হিলি স্থলবন্দর ও হিলি রেলস্টেশনে সিসি টিভি এবং ফ্লাড লাইট স্থাপনের উদ্বোধনকালে শাহরীয়ার আহমেদ চৌধুরী এসব কথা বলেন।

হিলি চেকপোস্ট গেটে বঙ্গবন্ধুর ছবিসংবলিত অভ্যর্থনা ফলক উন্মোচনের পর ব্রিগেডিয়ার শাহরীয়ার আরও বলেন, উভয় সীমান্তের চোরাচালানিরা খুবই সক্রিয়। তাই চোরাচালান বন্ধ হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, সে জন্য বিজিবি রাতদিন কাজ করে যাচ্ছে। সীমান্তে কী হচ্ছে, তা এই সিসিটিভি ও ফ্লাড লাইটের মাধ্যমে দেখা যাবে এবং ধারণ করা থাকবে। কেউ যদি অপরাধ করে পালিয়েও যায়, তার ছবি সংরক্ষিত থাকবে। পরে ছবি দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব বিজিবির।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, হিলি সীমান্তের বিভিন্ন পয়েন্টে ১৮টি সিসি টিভি এবং ১০টি ফ্লাড লাইট স্থাপন করা হয়েছে।