দেশের সব নৌযানকে নিবন্ধনের আওতায় আনতে নৌশুমারির কাজ শুরু করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। তারা এ কাজ করছে সরকারের রাজস্ব আয় বাড়ানোর জন্য। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, নৌশুমারির জন্য ৪৪ কোটি ৪৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে তিন বছরমেয়াদি একটি প্রকল্প নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। ন্যাশনাল শিপস অ্যান্ড মেকানাইজড বোটস ডেটাবেইস ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং নামের এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০১৯ সালের জুলাই মাসে। বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয় জানিয়েছে তারা এ কাজ শুরু করেছে। কমিটি মন্ত্রণালয়কে সময়ে সময়ে এ-সম্পর্কিত তথ্য জানানোর সুপারিশ করেছে।
কার্যপত্র থেকে জানা যায়, শুমারির উদ্দেশ্য হলো সারা দেশের ইঞ্জিনচালিত বোটসহ অভ্যন্তরীণ নৌযানের তথ্য সংগ্রহ করার মাধ্যমে নৌযান খাতকে শক্তিশালী করা। নৌযানের সব ধরনের সাধারণ এবং কারিগরি তথ্যসংবলিত ডেটাবেইস তৈরি করা। নৌযানগুলোকে নিবন্ধনের আওতায় এনে রাজস্ব আয় বাড়ানো। অনলাইন নিবন্ধন এবং সার্ভে সনদ ও নাবিক সনদের ব্যবস্থা প্রবর্তন করা। নৌপথে চলাচল করা স্পিডবোটকেও নিবন্ধনের আওতায় আনা হবে। ইতিমধ্যে স্পিডবোটের মালিকানা ও বিবরণসংবলিত তথ্য সংগ্রহের জন্য একটি ফরম তৈরি করে তা মাওয়া ও দৌলতদিয়া ঘাটের স্পিডবোট মালিকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া ছোট ছোট নৌযানের নিবন্ধনের ক্ষেত্রে ভ্যাট আদায় করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।
এর আগে জুলাই মাসে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছিলেন, সারা দেশে ৯২৩টি যাত্রীবাহীসহ মোট ১০ হাজার ২৯৬টি নৌযান চলাচল করছে।
কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌমন্ত্রী শাজাহান খান, তালুকদার আবদুল খালেক, আবদুল হাই, এম আবদুল লতিফ, রণজিৎ কুমার রায়, আনোয়ারুল আজীম ও মমতাজ বেগম অংশ নেন।