মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি, অভিযোগপত্র দিচ্ছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও জাল মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে সরকারি চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণ হওয়ায় সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার কমিশন মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় বলে দুদক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।

তদন্ত সূত্রে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা হওয়ার আশায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ম ও শর্ত ভঙ্গ করে প্রতারণার আশ্রয় নেন মনিরুজ্জামান। এর অংশ হিসেবে আবেদনপত্রে মিথ্যা স্থায়ী ঠিকানা ও বাবা মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও জাল মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে পিএসসিতে জমা দেন। ফলে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় পিএসসির সুপারিশ পান। ২০১৪ সালের ১১ মে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে চাকরি পান।
এ সংক্রান্ত অভিযোগ দুদকে এলে ২০১৪ সালের ১৩ জুলাই অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। উপপরিচালক এস এম গোলাম মাওলা সিদ্দিকী অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় চলতি বছরের ১৫ জানুয়ারি রমনা থানায় মামলা করেন। মামলার পর তাঁকেই তদন্তের দায়িত্ব দেয় কমিশন। আগস্টে তিনি অবসরে গেলে আরেক উপপরিচালক খন্দকার খলিলুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তেও জালিয়াতির সত্যতা পাওয়া যাওয়ায় মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করলে কমিশন অনুমোদন দেয়।
অনুসন্ধানে দেখা যায়, মনিরুজ্জামানের বাবা আব্দুল ছামাদ একজন কৃষক। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না। তাঁদের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার তেবাড়ীয়া গ্রামে। তাঁরা কখনোই মানিকগঞ্জের সেওতা ও ছনক গ্রামে বসবাস না করলেও চাকরি পাওয়ার জন্য বাবাকে মুক্তিযোদ্ধা সাজাতে গিয়ে ওই অঞ্চলের ইউপি চেয়ারম্যানের সই স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র সংগ্রহ করে পিএসসিতে আবেদন করেন।
দুদক সূত্র জানিয়েছে, খুব শিগগিরই বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।