পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন-সুবিধা সরকারি কোষাগার থেকে দেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। এ ছাড়া একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, রহনপুর ও নাচোল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সংগঠনের জেলা শাখার সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভার সচিব মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ খান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহির উদ্দিন, নাচোল পৌরসভার আহসান হাবিব, রহনপুর পৌরসভার ইসমাইল হোসেন প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
বেলা ১১টায় রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে জেলার প্রায় সব পৌর কর্মকর্তা ও কর্মচারী মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন থেকে আগামী ৩ এপ্রিল বিভাগীয় সমাবেশ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভার নিজস্ব তহবিল থেকে বেতন পাচ্ছেন। রাজস্ব খাতের বেতন-ভাতা না থাকায় জনগণের সেবা দিয়েও তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। বক্তব্য দেন জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রোকমুজ্জামান টিটু, সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
নাটোর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা শাখার সভাপতি এ আর মো. জুলফিকুল আলী হায়দার ও সাধারণ সম্পাদক আবদুল হামিদ শেখ। মো. জুলফিকুল আলী হায়দার বলেন, তাঁরা সংবিধান অনুযায়ী জনসেবক। অথচ সরকারি কোষাগার থেকে তাঁরা বেতন পাচ্ছেন না। পৌরসভার তহবিল দুর্বল হওয়ায় সেখান থেকেও বেতন হচ্ছে না। এভাবে মাসের পর মাস বেতন না পেয়ে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর প্রতিনিধি]