রাজস্ব তহবিল থেকে বেতন, ভাতা, পেনশনসহ সব সুযোগ-সুবিধা দেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন, সমাবেশ ও পথসভা করেছেন। এসব কর্মসূচিতে বক্তারা বলেন, অবিলম্বে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তাঁরা।
পিরোজপুরে শহরে বঙ্গবন্ধু চত্বরে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের জেলা শাখার সদস্যসচিব ও পিরোজপুর পৌরসভার সচিব মো. বনি আমিন, নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বরগুনা শহরে সদর সড়কে পৌর ভবনের সামনে সকাল ১০টায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন বরগুনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসীম উদ্দীন, প্যানেল মেয়র রইসুল আলম, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন তাঁরা। পরে মিছিল করে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। নির্বাহী প্রকৌশলী মো. জসীম উদ্দীন বলেন, এই দাবিতে তাঁরা আগামী ৩ এপ্রিল বিভাগীয় পর্যায়ে মানববন্ধন এবং ২০ মে ঢাকায় মহাসমাবেশ করবেন।
ভোলা প্রেসক্লাবের সামনে জেলার পাঁচটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও পথসভা করেন। পরে তাঁরা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সুব্রত কুমার সিকদারের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন। পথসভায় বক্তব্য দেন ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান, সচিব আবুল কালাম আজাদ, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মীর আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১০টায় সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী যৌথভাবে মানববন্ধন করেন। এতে সভাপতিত্ব করেন পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মীর নাছের আলী। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য সরোজ দে, সাতক্ষীরা পৌরসভার সচিব সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী (পানি) সেলিম সরোয়ার প্রমুখ।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা; পিরোজপুর ও ভোলা প্রতিনিধি এবং বরগুনা সংবাদদাতা)