রাজস্ব তহবিল থেকে শতভাগ বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি
সরকারের রাজস্ব তহবিল থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশন সুবিধার দাবিতে গতকাল সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা ও মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।
সিঙ্গাইরে পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। সংগঠন সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। পৌরসভা প্রাঙ্গণে পৌরসভার সচিব বজলুর রহমান, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, হিসাবরক্ষক আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা তাজিয়া ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বজলুর রহমান বলেন, সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা না পাওয়ায় দেশের অধিকাংশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী পরিবার নিয়ে আর্থিক-সংকটে রয়েছেন। সরকারি রাজস্ব তহবিল থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশন সুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি।
একই সময় কাঞ্চন পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা সাধারণ সম্পাদক জাবেদ মিয়ার সভাপতিত্বে পৌরভবনে কর্মসূচি পালন করা হয়। এ সময় পৌরসভার সচিব এ টি এম নুরে আলম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, কাঞ্চন পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রইছউদ্দিন, সহসভাপতি মোস্তফা মোল্লা, উপসহকারী প্রকৌশলী হাছান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।