রাজস্ব পরিকল্পনাই নতুন বাজেটের দুর্বলতম দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত নতুন বাজেটে কর খাতে ছাড় দেওয়া হয়েছে বেশি। অথচ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও বেড়েছে অনেক বেশি। এ কারণে রাজস্ব আদায় নিয়ে শুরুতেই সংশয় তৈরি হয়েছে। বলা হচ্ছে, এবারের রাজস্ব আদায়ের পরিকল্পনাই বাজেটের দুর্বলতম দিক।
এবারই প্রথম দেশের ইতিহাসে আয়কর আদায়ের সর্বোচ্চ প্রবৃদ্ধি ধরা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এবার আগের বছরের তুলনায় প্রায় ৪৬ শতাংশ বেশি আয়কর আদায় করতে হবে। এই আদায় নিয়েও সংশয় রয়েছে। চলতি ২০১২-১৩ অর্থবছরে এপ্রিল মাস পর্যন্ত আয়কর আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৫ শতাংশ।
নতুন অর্থবছরে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে ৩৩ দশমিক ৩ শতাংশ। ভ্যাট আদায় নিয়েও সংশয় আছে। কেননা, অভ্যন্তরীণ অর্থনীতির গতি কমে গেছে। রাজনৈতিক অস্থিরতার কারণে বিভিন্ন ধরনের পণ্যের খুচরা বিক্রি হ্রাস পেয়েছে। ব্যক্তি খাতে বিনিয়োগ কমেছে। আমদানি প্রবৃদ্ধি ঋণাত্মক। এই পরিস্থিতি নতুন অর্থবছরে বিদ্যমান থাকলে ভ্যাট আদায় কম হবে। আবার মূল্যস্ফীতি বেশি থাকলে ভ্যাট আদায় বাড়ে। তবে নির্বাচনী বছরে সরকারের প্রধান অগ্রাধিকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এ ক্ষেত্রে সরকার সফল হলে এর নেতিবাচক প্রভাব পড়বে রাজস্ব আদায়ে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) ভ্যাট আদায় বেড়েছে ১৫ শতাংশ।

এবার মোট রাজস্ব আদায় করতে হবে এক লাখ ৭৪ হাজার ১২৯ কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আদায় করতে হবে এক লাখ ৩৬ হাজার ৯০ লাখ টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এনবিআর এত বড় লক্ষ্যমাত্রা গ্রহণে সম্মত ছিল না। কিন্তু পরবর্তী সময়ে সংশোধন করা হবে বলে তাদের প্রতিশ্রুতি দেওয়া হলে এনবিআর তা মেনে নেয়। তবে অর্থমন্ত্রী বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বলেছেন, এনবিআর প্রথমে আপত্তি করলেও পরে আদায় করা যাবে বলে জানিয়ে দিয়েছে। অর্থাৎ রাজস্ব আদায় নিয়ে সংশয় রয়েছে খোদ এনবিআরেরই।