রাজস্ব সুবিধা হারালেন ৫৮ কর্মকর্তা-কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের ৫৮ কর্মকর্তা-কর্মচারী রাজস্ব সুবিধা হারিয়েছেন। তাঁদের রাজস্ব খাত থেকে দৈনিক মজুরি (মাস্টাররোল) ভিত্তিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি মাস থেকেই এটা কার্যকর হবে।
রাজস্ব খাতে নিয়োগ দেওয়া এই কর্মকর্তা-কর্মচারীদের দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়ে গত ২৭ অক্টোবর বরিশাল সিটি করপোরেশনকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময় মেয়র মজিবর রহমান সরোয়ার ১২১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এই নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে ১১৮ জনকে চাকরিচ্যুত করে। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ায় ৫৮ জন চাকরি ফিরে পান। ২০১৩ সালে বিএনপি-সমর্থিত মেয়র আহসান হাবিব কামাল তাঁদের চাকরিতে বহাল করেন এবং পরবর্তী সময়ে রাজস্ব খাতে নিয়োগ দেন। সেই থেকে কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব খাত থেকে বেতন-ভাতা ও সুবিধাদি ভোগ করে আসছিলেন।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগম বলেন, ৫৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার রয়েছেন ছয়জন, বাকিরা তৃতীয় ও চতুর্থ শ্রেণির। মন্ত্রণালয় থেকে নির্দেশ পাওয়ার পর মেয়রের অনুমোদন সাপেক্ষে তাঁদের রাজস্ব সুবিধা হারানোর বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ দাস বলেন, চলতি বছরের জুন মাসে চাকরি ফিরে পাওয়া ৫৮ কর্মকর্তা-কর্মচারীকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত বাতিল করেছে। এখন থেকে তাঁরা দৈনিক মজুরি ভিত্তিতে ভাতা ও সুবিধা পাবেন।