রাজস্বের রাশ টেনে ধরেছে হোল্ডিং ট্যাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য শেষ হওয়া ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব খাতে লক্ষ্যমাত্রার ৬২ শতাংশ আদায় করতে পেরেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মূলত হোল্ডিং ট্যাক্স আদায়ে ব্যর্থতার প্রভাব পড়েছে পুরো রাজস্ব খাতে। দোকান সেলামি খাত থেকে লক্ষ্য অনুযায়ী আয় না হওয়াও আরেকটি কারণ। রাজস্ব আদায়ে দীর্ঘ প্রচারণা, হুঁশিয়ারিসহ নানা পদক্ষেপ নিলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সুফল আসেনি। 

কয়েক বছর ধরে ডিএনসিসির রাজস্ব লক্ষ্যমাত্রার ৫৫ থেকে ৬৩ শতাংশ পর্যন্ত আদায় হচ্ছে। ডিএনসিসির গত তিন অর্থবছরের বাজেট পর্যালোচনা করে দেখা যায়, প্রতিবছর হোল্ডিং ট্যাক্স, বাজার সেলামি, কমিউনিটি সেন্টার ভাড়া, বিজ্ঞাপন খাতে আয়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয়, তার বড় অংশই অনাদায়ি থেকে যাচ্ছে।

সিটি করপোরেশনের রাজস্ব আদায়ের প্রধান খাত হোল্ডিং ট্যাক্স। হোল্ডিং ট্যাক্স আদায়ে বরাবরই ব্যর্থ হচ্ছে করপোরেশন। গত অর্থবছরে সংশোধিত বাজেটে দেখা যায়, হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৮০ কোটি টাকা, আদায় হয়েছে ২৯০ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরেও লক্ষ্যমাত্রার চেয়ে ১৩৫ কোটি টাকা কম হোল্ডিং ট্যাক্স আদায় করে ডিএনসিসি।

এ বিষয়ে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রবীন্দ্রশ্রী বড়ুয়া প্রথম আলোকে বলেন, কয়েকটি সরকারি সংস্থার কাছে সিটি করপোরেশনের রাজস্ব পাওনা রয়েছে। হোল্ডিং মালিকেরা মামলা করে বড় অঙ্কের টাকা আটকে রেখেছেন। তারপরও আগের অর্থবছরের চেয়ে প্রায় ৩০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করা গেছে।

ডিএনসিসির রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে বড় ঘাটতি থাকে বাজার সেলামি খাতেও। গত দুই অর্থবছরে বাজার সেলামির লক্ষ্যমাত্রার মাত্র আড়াই থেকে ৩ শতাংশ আদায় করতে পেরেছে ডিএনসিসি। ২০১৬-১৭ ও ২০১৫-১৬ অর্থবছরে বাজার সেলামি আদায়ের লক্ষ্য ছিল ১৬০ কোটি টাকা করে। এর মধ্যে যথাক্রমে ৫ ও ৪ কোটি টাকা আদায় করতে পেরেছে ডিএনসিসি।

ডিএনসিসির রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, কারওয়ান বাজারে প্রায় ২৪ বিঘা জমির ওপর ডিএনসিসির মালিকানাধীন তিনটি মার্কেট রয়েছে। কারওয়ান বাজারের দোকানগুলো আমিনবাজার, যাত্রাবাড়ী ও মহাখালীতে তিনটি বাজারে স্থানান্তরের জন্য দীর্ঘদিন ধরে মার্কেট সমিতির নেতাদের সঙ্গে ডিএনসিসির আলাপ-আলোচনা চলছে। দোকান স্থানান্তরের জন্য নির্ধারিত সেলামি প্রতিবছরের বাজেটে রাখা হয়। দোকান স্থানান্তর না হওয়ায় এই সেলামি অনাদায়ি থেকে যায়।

ডিএনসিসির ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৯৪৮ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল। আদায় করা গেছে ৫৮৪ কোটি ৪৭ লাখ টাকা। এর আগে ২০১৫-১৬ অর্থবছরেও মাত্র ৬৩ শতাংশ রাজস্ব আদায় করতে পেরেছিল ডিএনসিসি। ২০১৪-১৫ অর্থবছরে ডিএনসিসির রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮১০ কোটি ৭৭ লাখ টাকা। কিন্তু আদায় হয় ৪৬২ কোটি ১২ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার ৫৬ শতাংশ।

এ অবস্থায় ঢাকার দুই সিটি করপোরেশনের রাজস্ব আদায় খাতের অব্যবস্থাপনা দূর করতে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত ৮ জুন এ স্বয়ংক্রিয় কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।  

রবীন্দ্রশ্রী বড়ুয়া প্রথম আলোকে বলেন, রাজস্বসংক্রান্ত কাজে নানা ধরনের অস্বচ্ছতা থাকে, সেটি অস্বীকার করার উপায় নেই। স্বয়ংক্রিয় ডেটাবেইস হওয়ায় যে কেউ ঘরে বসে তাঁদের ট্যাক্স হিসাব করতে পারবেন। স্বয়ংক্রিয়করণের ফলে রাজস্ব দাতা ও গ্রহীতা দুই পক্ষই স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে আসবে।

ডিএনসিসির কর্মকর্তারা দাবি করেন, নগরবাসীর অনেকের সামর্থ্য থাকার পরও হোল্ডিং ট্যাক্স দেওয়ার মানসিকতা নেই। শতভাগ নাগরিক সেবা পেতে হলে নগরবাসীকে কর দিতে হবে। পাশাপাশি রাজস্ব আদায়কারী কর্মকর্তা ও কর্মচারীদের নেতিবাচক মনোভাবের কারণেও লক্ষ্যমাত্রা অর্জন করা যাচ্ছে না বলেও তাঁরা স্বীকার করেন।