রাজা নেই, তবু তাঁরা আপ্যায়িত
রাজা নেই। তাঁর পরিষদ বা রাজপরিবারের কোনো সদস্যও নেই। তবু গতকাল শুক্রবার দুর্গাপূজার মহাসপ্তমীতে দিনাজপুরের রাজবাড়িতে নিমন্ত্রণ ছিল। প্রতিবছরের মতো এবারও ওই বাড়িতে মন্ত্রী, সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা নিমন্ত্রণ খেতে এসেছিলেন।
দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেস্টের এজেন্ট অমলেন্দু ভৌমিক বলেন, ১৯৪৭ সালে ভারত ভাগের তিন বছরের মাথায় জমিদারিপ্রথা বিলুপ্ত হয়। ১৯৫২ সালে মহারাজা জগদীশনাথ ও তাঁর পরিবারের সদস্যরা ভারত চলে যান। এরপর তাঁরা আর ফিরে আসেননি।
রাজবাড়ি মন্দিরের পুরোহিত পুলিন চক্রবর্তী জানান, রাজা বা তাঁর পরিবারের কেউ না থাকলেও রাজবাড়ির মন্দিরে যে পূজা-অর্চনা হয়, তা মহারাজার নামেই হয়। দিনাজপুরের মহারাজারা মন্দিরে যে সম্পদ দান করে গেছেন, তা রাজ দেবোত্তর এস্টেট হিসেবে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এ সম্পদ থেকে প্রতিবছর যে আয় হয়, তা দিয়ে সারা বছরের পূজা-অর্চনার খরচ বহন করা হয়। রাজা না থাকলেও পুরোনো রেওয়াজ অনুযায়ী প্রতিবছর মহাসপ্তমীর সন্ধ্যায় মন্দিরে জেলার বিশিষ্ট ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়।
অমলেন্দু ভৌমিক আরও জানান, গতকাল রাত আটটায় দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার সারোয়ার মুর্শেদ শামীম, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীসহ জেলার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ রাজবাড়িতে এসেছিলেন।
ইকবালুর রহিম বলেন, ‘বছরের এই দিনটাতে রাজবাড়িতে নিমন্ত্রণ খেতে এসে মনে হয়, আমরা রাজার নিমন্ত্রণেই রাজবাড়িতে এসেছি। রাজা ও তাঁর পরিবারের সদস্যরা যেন আমাদের আপ্যায়ন করছেন।’