রাজা রামমোহন রায় পাঠাগার পুনঃ উদ্বোধন
পুরান ঢাকার অন্যতম ঐতিহ্য রাজা রামমোহন রায় লাইব্রেরি (পাঠাগার) পুনঃ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় পাটুয়াটলীর ব্রাহ্মসমাজের মন্দির ভবনের দ্বিতীয় তলায় তা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের কুসংস্কার দূর করতে ও সতীদাহ প্রথা বন্ধে এককভাবে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন রাজা রামমোহন রায়। এ ছাড়া রামমোহন রায়ই প্রথম বেদের বাংলা অনুবাদ করে শিক্ষায় অবদান রাখেন। পরবর্তী সময়ে রামমোহনই প্রতিষ্ঠা করেন ব্রাহ্মসমাজ ও ব্রাহ্মধর্ম।
বক্তারা আরও বলেন, ব্রাহ্মসমাজ ১৯১০ সালে ‘রাজা রামমোহন রায় পাঠাগার ভবন’ প্রতিষ্ঠা করে। কিন্তু পাঠাগার ভবনটি জরাজীর্ণ হওয়ায় গত কয়েক বছর তার কার্যক্রম বন্ধ ছিল। তাই পাঠাগারটি সংস্কার করে শিক্ষা ও সাহিত্যের জ্ঞান ছড়িয়ে দিতে মন্দির ভবনের দ্বিতীয় তলায় তা স্থানান্তর করা হয়েছে। অনুষ্ঠানে কবি সুশান্তের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ইউনাইটেড রিলিজিয়ানস ইনিশিয়েটিড মোহাম্মদ আবদুল হাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অরুণ কুমার গোস্বামী প্রমুখ বক্তব্য দেন।