রাজা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নের জাতীয় পার্টির নেতা আতিকুর রহমান রাজা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। গতকাল রোববার এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
নাগেশ্বরী উপজেলা শহরের নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল ও ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের বাসস্ট্যান্ড মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহ্বায়ক ও কেদার ইউনিয়নের চেয়ারম্যান আ খ ম ওয়াজিদুল কবীর, সাধারণ সম্পাদক রনি মোল্লা, যুব সংহতির সভাপতি মানিক, নিহত জাপা নেতার ছোট ভাই আজিজুল হক প্রমুখ।
বক্তারা বলেন, রাজার হত্যাকারীরা চিহ্নিত হলেও অজ্ঞাত কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের ধরতে না পারলে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন বক্তারা।
আতিকুর রহমান রাজাকে গত ৭ অক্টোবর রাতে নির্মমভাবে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়। কিন্তু হত্যার ঘটনায় একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল করিমসহ ১৭ জনের নামে কচাকাটা থানায় হত্যা মামলা হয়েছে। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনো মামলার কোনো আসামিকে ধরতে পারেনি।