রাজাকার, আলবদর ও শান্তি কমিটির নেতাদের তালিকা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, আলবদর, আল-শামস্ ও শান্তি কমিটির নেতাদের তালিকা প্রণয়ন করা হবে। এই বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জেলা-উপজেলা কমান্ড কাউন্সিলের নির্বাচন সম্পন্ন হওয়ার পর ইউনিয়নপর্যায় থেকে এ কাজ শুরু করা হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে চয়ন ইসলামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে গতকাল অধিবেশন শুরু হয় বেলা সোয়া তিনটায়। অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানটিকে স্মরণীয় করে রাখতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমন্বিত কর্মসূচি নেওয়া হয়েছে। এখানে আন্তর্জাতিকমানের ভূগর্ভস্থ জাদুঘর, ১৫০ ফুট উচ্চতাবিশিষ্ট গ্লাস টাওয়ার, শিখা অনির্বাণ, জলাধার, স্বাধীনতা যুদ্ধের ম্যুরাল এবং উন্মুক্ত মঞ্চ নির্মাণ করা হবে। সশস্ত্র বাহিনীর ৭৫ জন চাকরিচ্যুত: সাংসদ নসরুল হামিদের লিখিত প্রশ্নের জবাবে সংসদকার্যে প্রতিরক্ষা বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কে খন্দকার বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সশস্ত্র বাহিনীর ৭৫ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা এবং অকালীন অবসর দেওয়া হয়। বিএনপির অনুপস্থিত সাংসদ এ বি এম আশরাফউদ্দিন নিজানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর এক হাজার ৬৯ জন কর্মকর্তা শান্তিরক্ষা মিশনে কর্মরত আছেন। শান্তিরক্ষা বাহিনীর কর্মরত সদস্যদের আয় বাবদ এ পর্যন্ত পাঁচ হাজার ১৯৪ কোটি ৩৩ লাখ ৬১ হাজার টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।মার্চে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু: প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, আগামী মার্চ মাসে বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু হবে। এ ফ্লাইট চালুর সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে যুগোপযোগী করা এবং যাত্রীবাহী উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে।সাংসদ খালিদ মাহমুদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিমানবহরের জন্য নতুন প্রজন্মের উড়োজাহাজ সংগ্রহের পাশাপাশি নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জনবলের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিমানবন্দরের হ্যান্ডলিং সার্ভিস উন্নয়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের মাধ্যমে হ্যান্ডলিং ব্যবস্থাকে শক্তিশালী ও আধুনিকায়ন করা হচ্ছে। তিনি জানান, বিমানের অপারেশনাল কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য পর্যায়ক্রমে উপযুক্ত উড়োজাহাজ লিজ নেওয়া হবে।এইচ এম গোলাম রেজার এক প্রশ্নের জবাবে পর্যটনমন্ত্রী বলেন, কক্সবাজারকে পর্যটননগর হিসেবে গড়ে তোলার জন্য একটি মহাপরিকল্পনা তৈরির কাজ চলছে। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। সারের জন্য ভর্তুকি: বেগম মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দেশে কৃষি উত্পাদন বাড়ানোর জন্য প্রতিবছর আমদানি করা সারের জন্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। এ ছাড়া চিনি এবং আখ উত্পাদন বাড়ানোর জন্য ভর্তুকি দেওয়া হয়।