‘আমাদের রাজাকার-আলবদর বলে দমাতে পারবেন না। আমরা এ দেশের সন্তান। এ দেশেই থাকব। যারা বিদেশ থেকে ধর্মনিরপেক্ষতা আমদানি করতে চান, তাঁরা বিদেশে চলে যেতে পারেন। এ দেশে ইসলাম থাকবে, ইসলামি দল থাকবে।’সরকারকে উদ্দেশ করে কথাগুলো বলেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। ৭ নভেম্বর উপলক্ষে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।জামায়াতের নেতা আজহার বলেন, সরকার খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের নামে জিয়ার আদর্শকেই উচ্ছেদ করতে চায়। বাড়ি থেকে উচ্ছেদ করা একটি বাহানামাত্র। তেমনি যুদ্ধাপরাধীদের বিচারও আওয়ামী লীগের লক্ষ্য নয়। সেটা লক্ষ্য থাকলে পাকিস্তান সেনাবাহিনীর চিহ্নিত ১৯৫ জনকে পাকিস্তান থেকে ধরে এনে বিচার করা উচিত ছিল। আসলে বাংলাদেশে ইসলামি শক্তিকে নির্মূল করাই তাদের লক্ষ্য।আজহার দাবি করেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এ দিন বাংলাদেশ আধিপত্যবাদী শক্তির তাঁবেদারের হাত থেকে জাতি মুক্তি পেয়েছিল। এর মাধ্যমে জাতি পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করে। তিনি বলেন, ‘১৯৭১ সালে পিন্ডির জিঞ্জির থেকে মুক্ত হয়ে সাড়ে তিন বছর আমরা দিল্লির জিঞ্জিরে বন্দী ছিলাম।’সামরিক শাসনের প্রশংসা করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, অনেক সময় নির্বাচিত সরকারের চেয়ে সামরিক শাসন ভালো হয়। আন্দোলনের মুখে এক সময় তারা জনগণকে অধিকার দিতে বাধ্য হয়। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত সরকার যদি একদলীয় শাসন কায়েম করে, সেটা সামরিক শাসনের চেয়ে খারাপ হয়। জিয়াউর রহমানের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম হয়েছে।ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মহাজোটের শরিক জাসদের প্রতি ইঙ্গিত করে বলেন, ৭ নভেম্বর ‘সিপাহি-জনতা ভাই ভাই, অফিসারদের ফাঁসি চাই’ স্লোগান দিয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। যে শক্তি এটা করেছে, তারাই আজ রাষ্ট্রীয় ক্ষমতায়। ক্ষমতায় এসে বিডিআর বিদ্রোহের মাধ্যমে তারা ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে।