রাজাকার ঘৃণাস্তম্ভ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেঙে ফেলা ঘৃণাস্তম্ভ প্রথম আলো
ভেঙে ফেলা ঘৃণাস্তম্ভ প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে স্থাপিত রাজাকার ঘৃণাস্তম্ভ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতের এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাম্পাসে ক্রিয়াশীল প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা।
গতকাল শনিবার সকালে ভাঙা স্তম্ভটির পাশে হাতে লেখা ইংরেজি ও বাংলায় দুটি চিরকুট পাওয়া যায়। বাংলায় লেখা রয়েছে, ‘ডাকসুর সামনে রাজাকারের স্তম্ভ থাকবে না। অন্য খানে করো, ক্যাম্পাসের বাইরে।’ ইংরেজিতে লেখা রয়েছে, ‘উই ওউন দ্য ক্যাম্পাস-সো, ইউ গাইজ শুডন্ট টেইক অ্যানি স্ট্যাচু হিয়ার। উই লাভ দ্য কান্ট্রি’।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, কাজটি রাজাকারদের দোসরেরা কিংবা রাজাকারদের যারা ঘৃণা করেন, তাঁরাও করতে পারেন। ওই এলাকায় রাতে টহল দেওয়া নিরাপত্তাকর্মীদের সঙ্গে এ বিষয়ে কথা বলে এ বিষয়ে খোঁজ নেবেন।
২০০৭ সালের ১৫ ডিসেম্বর রাতে ছাত্র ইউনিয়নের কলা ভবন শাখার সভাপতি সাদিকুর রহমান ও তৎ কালীন উর্দু ও ফারসি বিভাগের ছাত্র আবু তৈয়ব হাবিলদার স্তম্ভটি নির্মাণ করেন। পরদিন ১৬ ডিসেম্বর এ কে খন্দকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধের কয়েকজন সেক্টর কমান্ডার স্তম্ভটি উদ্বোধন করেন। ২০০৮ সালে কে বা কারা স্তম্ভটি ভেঙে ফেললে তা পুনর্নির্মাণ করা হয়।
এরপর দীর্ঘদিন অযত্নে থাকায় স্তম্ভটির চারপাশে আবর্জনা জমে যায়। সম্প্রতি কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর স্তম্ভটির সংস্কার করা হয়। ১৬ ডিসেম্বর এটি আবার উদ্বোধন করেন আওয়ামী লীগের সভানেত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
স্তম্ভটির অন্যতম নির্মাতা সাদিকুর রহমান বলেন, ‘যারা ভাঙছে এরা ক্যাম্পাসেরই ছাত্র, ক্যাম্পাসেই থাকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা বলেন, রাতের অন্ধকারে ভাঙার কাজ একমাত্র জামায়াত-শিবির চক্রই করে থাকে। এদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ডাকসু সংগ্রহশালার সংগ্রাহক গোপাল চন্দ্র দাস বলেন, ঘৃণাস্তম্ভে জুতা মেরে, থুতু দিয়ে শিক্ষার্থীরা রাজাকার-আলবদরদের প্রতি তাঁদের ঘৃণা প্রকাশ করতেন।