রাজাকার-জঙ্গি-জানোয়ার প্রতিহত করুন: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশের সমৃদ্ধি ও গণতন্ত্র সুসংহত করার কাজে রাজাকার-জঙ্গি-জানোয়ার প্রতিহত করার বিকল্প নেই। এ লক্ষ্যে সবার সঙ্গে শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিসেবীদেরও একনিষ্ঠভাবে কাজ করতে হবে।’
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে নেত্রকথন নাট্যসংঘের বাঙ্গালীর দায়মুক্তি যাত্রাপালা মঞ্চায়নের প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিসেবীদের শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কোনো শিল্পী-সাহিত্যিক কখনো কোনো শয়তানের বা রাজাকারের জয়গাঁথা লেখেননি। একাত্তরের বিশ্বাসঘাতক-রাজাকার, রাজাকারদের সমর্থক-নব্য রাজাকার, জঙ্গি ও নারী-নির্যাতনকারী জানোয়ারদের প্রতিহত করতে তাই শিল্পী-সাহিত্যিকদের অংশগ্রহণের বিকল্প নেই।’
অনেকে অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি পছন্দ করেন না, মন্তব্য করে ইনু বলেন, ‘অতীতকে স্মরণ করতে হয় আমাদের পিতা-মাতা-পূর্বপুরুষ যারা আমাদের শেকড়, তাঁদেরকে স্মরণ করার জন্য। একাত্তরের মহাযুদ্ধকে স্মরণ করতে হয়, কারণ সেটা আমাদের শেকড়। মুক্তিযুদ্ধ প্রমাণ করেছে বাঙালি বীরের জাতি, প্রমাণ করেছে হানাদার-রাজাকারেরা আমাদের পায়ের কাছে আত্মসমর্পণ করেছে।’
শিল্পী-সাহিত্যিকদের উদ্দেশে মন্ত্রী ইনু বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ নিয়ে ও মুক্তিযুদ্ধ নিয়ে নাটক ও চলচ্চিত্র নির্মাণের কাজ এখনো বাকি রয়েছে।’ যেখানে আত্মত্যাগের মহিমা থাকবে, বিশ্বাসঘাতকতার সত্যিকারের চিত্র ফুটে উঠবে ও বিজয়ী মুক্তিযোদ্ধার সংগ্রামের গাথা লেখা থাকবে, এমন নাটক ও চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান তিনি।