রাজাকার বিষয়ে পুলিশের প্রতিবেদন প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ১৯৭১ সালে অস্ত্রধারী ও বেতনভুক্ত রাজাকার সম্পর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পাঠানো প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদ। এর প্রতিবাদে আজ বুধবার বেলা তিনটায় পৌর শহরের মুক্তমঞ্চে সভা ডাকা হয়েছে।
ইউএনওর কার্যালয় ও থানা-পুলিশ সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ১৯৭১ সালে অস্ত্রধারী ও বেতনভুক্ত রাজাকার, আলবদর ও আলশামস সদস্যদের তালিকা তৈরির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি দেন। ২০ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ-সংক্রান্ত প্রতিবেদন তৈরির বিষয়ে চিঠি পাঠানো হয়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হয়ে আখাউড়ার ইউএনওর কার্যালয়ে চিঠিটি আসে। ইউএনও আখাউড়া থানার ওসিকে চিঠির বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলেন। গত ১ ডিসেম্বর ইউএনওর কাছে প্রতিবেদনটি পাঠানো হয়। প্রতিবেদনে আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার সিলসহ স্বাক্ষর করেন। ইউএনও প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে পাঠান।
ওই প্রতিবেদনের বলা হয় ‘১৯৭১ সালে বেতন ও অস্ত্রপ্রাপ্ত রাজাকার, আলবদর ও আলশামস সদস্যসংক্রান্ত বিষয়ে ওই এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, চৌকিদার, দফাদার, কমিউনিটি পুলিশের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এবং থানার রেকর্ড পর্যালোচনা শেষে তথ্য না পাওয়ায় শূন্য প্রতিবেদন প্রেরণ করা হলো।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু সাইয়িদ মিয়া বলেন, আখাউড়ায় রাজাকার হিসেবে ১৩১ জনের নামের তালিকা আছে। এরা প্রত্যেকেই সুবিধাভোগী। পুলিশের প্রতিবেদনটি গোপনে তৈরি করা হয়েছে। এখানে মুক্তিযোদ্ধাদের বক্তব্য নেওয়া হয়নি।
মোগড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল হামিদ বলেন, ‘আখাউড়ার রাজাকার মোবারক হোসেনের ফাঁসির রায় হয়েছে, তিনি অস্ত্রধারী ও বেতনভুক্ত ছিলেন। আমি ওই মামলার একজন সাক্ষী। আমার সাক্ষ্যও পুলিশের ওই প্রতিবেদনে নেওয়া হয়নি।’