রাজাকার মাহিদুর-আফসারের আমৃত্যু কারাদণ্ডাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়ের পর মাহিদুর রহমান ও আফসার হোসেনকে কেন্দ্রীয় কারাগারে নিতে প্রিজন ভ্যানে তোলা হয় l প্রথম আলো
রায়ের পর মাহিদুর রহমান ও আফসার হোসেনকে কেন্দ্রীয় কারাগারে নিতে প্রিজন ভ্যানে তোলা হয় l প্রথম আলো

একাত্তরে মুক্তিযুদ্ধকালে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই রাজাকার মাহিদুর রহমান ও আফসার হোসেনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এ রায় দেন। এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
রায়ে ট্রাইব্যুনাল বলেন, মাহিদুর ও আফসারের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে দুটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। এর মধ্যে প্রথম অভিযোগে দুই আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে দুজনকেই পাঁচ বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। পৃথক মামলায় আগেই তৃতীয় অভিযোগের বিচার হয়ে যাওয়ায় সেটি বাদ দেওয়া হয়।
রায়ে মামলার তদন্ত কর্মকর্তার দক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাইব্যুনাল। রায়ে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তার জন্য একই অভিযোগে আসামিদের দ্বিতীয়বার অভিযুক্ত করা হয়েছে। এ নিয়ে মানবতাবিরোধী অপরাধের ১৮টি মামলার রায় ঘোষণা করলেন দুটি ট্রাইব্যুনাল। এর মধ্যে ট্রাইব্যুনাল-১ আটটি ও ট্রাইব্যুনাল-২ ১০টি মামলার রায় দিলেন। বেলা সোয়া ১১টার দিকে ১৩৩ পৃষ্ঠার মূল রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু করেন ট্রাইব্যুনাল। ২০ মিনিটে রায় পড়ে শোনান বিচারপতি ওবায়দুল হাসান।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাহিদুর রহমান (৮৪) ও আফসার হোসেনের (৬৫) বিরুদ্ধে অভিযোগ, মুক্তিযুদ্ধের আগে তাঁরা মুসলিম লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। একাত্তরে তাঁরা স্থানীয় রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতে যোগ দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেন।
গত বছরের ১১ ডিসেম্বর মাহিদুর ও আফসারের বিরুদ্ধে তিনটি অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। চলতি বছরের ১২ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১০ জন, আসামিপক্ষে কেউ সাক্ষ্য দেননি। গত বছরের ১৫ সেপ্টেম্বর শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের মাহিদুর ও বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আফসারকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
দুই অভিযোগ প্রমাণিত: মাহিদুর ও আফসারের বিরুদ্ধে প্রথম অভিযোগ, একাত্তরের ৬ অক্টোবর ভোরে শতাধিক রাজাকার ও পাকিস্তানি সেনাকে নিয়ে মাহিদুর ও আফসার চাঁপাইনবাবগঞ্জের চাঁদশিকারি, ছামাতল, কবিরাজতলা ও ইরাদত বিশ্বাসেরতলা গ্রাম থেকে ৩৯ জনকে আটক করে। এর মধ্যে ২৪ জনকে গুলি করে হত্যা করা হয়। সাক্ষ্যে অভিযোগটি প্রমাণিত হওয়ায় মাহিদুর ও আফসারকে দোষী সাব্যস্ত করে তাঁদের আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।
দ্বিতীয় অভিযোগে বলা হয়, একাত্তরের ১৩ অক্টোবর মাহিদুর ও আফসারের নেতৃত্বে রাজাকাররা কবিরাজতলা ও ইরাদত বিশ্বাসেরতলা গ্রামের অসংখ্য মানুষের ঘরবাড়ি ভাঙচুর করে। দেড়-দুই ঘণ্টা ধরে চলা এ তাণ্ডবে ৭০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ অভিযোগে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে মাহিদুর ও আফসারকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া অপর দুই বিচারকের সঙ্গে ভিন্নমত পোষণ করে বলেন, এ অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে।
তৃতীয় অভিযোগে আগেই দণ্ডপ্রাপ্ত: তৃতীয় অভিযোগ অনুসারে, ১৯৭১ সালের ২ নভেম্বর মাহিদুর, আফসারসহ ৩০-৩৫ জন রাজাকার শিবগঞ্জের শেরপুর ভান্ডার গ্রামের চারজনকে ধরে নিয়ে যায়। সারা রাত নির্যাতনের পরদিন তাঁদের হত্যা করা হয়। ট্রাইব্যুনাল বলেন, মাহিদুর-আফসারের বিরুদ্ধে এই অভিযোগে ১৯৭২ সালের দালাল অধ্যাদেশে মামলা হয়েছিল। ওই মামলায় রাজশাহীর বিশেষ ট্রাইব্যুনাল তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন, হাইকোর্ট ওই সাজা বহাল রাখেন। একই অভিযোগে এক ব্যক্তির দুবার সাজা হতে পারে না। সাক্ষ্য গ্রহণের সময় বিষয়টি ধরা পড়লে রাষ্ট্রপক্ষ এ অভিযোগে কোনো সাক্ষী হাজির করেনি। এ জন্য এ অভিযোগটি বাদ দেওয়া হয়।
আপিল করবে আসামিপক্ষ: রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান রায়ে সন্তোষ জানিয়ে বলেন, পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করার পর তাঁরা আপিল করা হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার প্রতিক্রিয়ায় বলেছেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা সুপ্রিম কোর্টে আপিল করবেন।