কক্সবাজারে গণজাগরণ মঞ্চের সমাবেশে বক্তারা
রাজাকার-যুদ্ধাপরাধীরা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে
গণজাগরণ মঞ্চের তৃতীয় বর্ষপূতি উপলক্ষে ৫ ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজার গণজাগরণ মঞ্চ মিছিল ও সমাবেশ করেছে।
শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘একাত্তরের পরাজিত শত্রু রাজাকার-যুদ্ধাপরাধীরা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ধর্মের নাম দিয়ে বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সাম্প্রদায়িক উগ্রবাদী সংগঠনগুলো। গণজাগরণ মঞ্চের আন্দোলন সংগ্রামের পর ব্লগার রাজীব হায়দার, নিলয় নীল, অভিজিৎ রায়সহ অনেককে আমরা হারিয়েছি। সাম্প্রদায়িক রাজনীতিমুক্ত একটি দেশ নির্মাণ করার স্বপ্ন দেখাই ছিল তাঁদের অপরাধ।’
বক্তারা হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মনির মোবারক। ছাত্র ইউনিয়নের কক্সবাজার জেলা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাভেল দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়ন নেতা শয়ন বিশ্বাস, ভারপ্রাপ্ত জেলা সভাপতি অনুপম চক্রবর্তী, উদীচীর কক্সবাজার সরকারি কলেজ সংসদের আহ্বায়ক ফাল্গুনী দাশ, সাংবাদিক তৌফিকুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুল্লাহ শহীদ, কবি মানিক বৈরাগী, কক্সবাজার থিয়েটারের সাধারণ সম্পাদক তাপস রক্ষিত প্রমুখ।