
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, মুক্তিযুদ্ধের শেষের দিকে তাঁর বাবা হাজি মো. তায়েব উদ্দিনও রাজাকারদের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন। বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে রাষ্ট্রপতি লাখ লাখ শহীদের স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। তিনি বলেন, ‘নতুন প্রজন্মের মানুষের কাছে আমার প্রত্যাশা, তারা মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস জানবে। স্বাধীনতার ইতিহাস বিকৃতি থেকে তারা মুক্ত হবে। তাদের মধ্যে আদর্শ-নীতি থাকবে। তারা আদর্শবান হলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।’
সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ছাত্ররাজনীতি শুরুর পর থেকে আইয়ুববিরোধী আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন, সত্তরের নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ, এরপর ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের সংগঠকের ভূমিকা পালনসহ জানা-অজানা অনেক ঘটনার স্মৃতিচারণ করেছেন।
আবদুল হামিদ জানান, তিনি ১৯৫৯ সালে স্কুলজীবনেই ছাত্রলীগে যোগ দেন। ’৬১ সালে কলেজে ভর্তির পর আইয়ুববিরোধী আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হন। ’৬৬-তে বঙ্গবন্ধুর ছয় দফা দাবির পক্ষে জোরালোভাবে কাজ শুরু করেন। তাঁর মতে, ছয় দফায় সরাসরি স্বাধীনতার ঘোষণা ছিল না ঠিক, কিন্তু ছয় দফা মেনে নিলে তা অনেকাংশে স্বাধীনতার মতোই হয়ে যেত।
রাষ্ট্রপতি স্মৃতিচারণা করেন, ’৬৪ সালে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর প্রথম পরিচয়। সেবার বঙ্গবন্ধু আওয়ামী লীগের একটি বৈঠকে যোগ দিতে কিশোরগঞ্জে যান। তখন জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন আবদুল হামিদ। তিনিসহ কিছু নেতা বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে চাইলেও স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাতে আপত্তি জানান। প্রতিবাদে তিনি দুই-আড়াই শ ছাত্র নিয়ে বৈঠকস্থলের বাইরে অবস্থান নেন। বঙ্গবন্ধু বৈঠক থেকে বের হওয়ার পর তাঁদের সামনাসামনি হন। আবদুল হামিদ বলেন, ‘সবকিছু শুনে বঙ্গবন্ধু আমার পিঠ চাপড়ায়া বলল, আরে তোমাদের নিয়েই আমার সব। তোমাদেরই সবকিছু করতে হবে। কাজ করে যাও।’
এরপর সত্তরের নির্বাচনে আবদুল হামিদকে মনোনয়ন দেন বঙ্গবন্ধু। নির্বাচিত হওয়ার পর ঢাকায় এসে শপথ নিয়ে চলে যান কিশোরগঞ্জে। ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন ডাকলে আবার আসেন ঢাকায়। কিন্তু সেই অধিবেশন আর হয়নি। ইয়াহিয়া খানের এক ভাষণে অধিবেশন বন্ধ। পরে বঙ্গবন্ধুর পরামর্শে আন্দোলনের প্রস্তুতি নিতে ফিরে যান এলাকায়। রাতের ট্রেনে ঝুলে ঝুলে কষ্টের যাত্রা। তাঁর ভাষায়, ‘চিটাগং মেইল ট্রেনে গেলাম; সাড়ে ১০টার দিকে ছাড়ে। হ্যান্ডেল ধরে গেলাম; ভাবলাম ক্যান্টনমেন্ট স্টেশনে গেলে উঠতে পারব। এভাবে ধরে ঘোড়াশাল ফ্ল্যাগ পর্যন্ত গেলাম। জীবন আর বাঁচে না। পরে জানালা খুলছে; তখন জানালা দিয়ে ভিতরে গেলাম। পরে ভৈরবে গেলাম। ভৈরব থেকে কিশোরগঞ্জ। পরে তো আন্দোলন-সংগ্রাম চলল। ১৭ মার্চ কিশোরগঞ্জের রথখোলা মাঠে এক জনসভায় পাকিস্তানের পতাকা নামায়া বাংলাদেশের পতাকা তুললাম।’
মুক্তিযুদ্ধ শুরুর পরও কিছুদিন এলাকায় থেকে আন্দোলন-সংগ্রাম সংগঠিত করতে থাকেন আবদুল হামিদ। এরপর চলে জান ভারতে। এপ্রিলের মাঝামাঝি আবার দেশে ফেরেন। তখন চারদিকে তুমুল যুদ্ধ। তাঁর বাড়িতেও বোমা ফেলেছে পাকিস্তানি যুদ্ধবিমান। রাষ্ট্রপতি বলেন, ‘এলাকার ময়-মুরব্বিরাও বলল, বাবা তুমি থাকলে পাক আর্মি আইবই; ইন্ডিয়া যাও গা। আমি বললাম, আমি তো ইন্ডিয়া থেকে আসছি। দেশের কী হবে? ফাদারও (বাবা) বলল, এখানে থাকা ঠিক হবে না। আমি আর বিদায় নেব কী, তারাই আমারে বিদায় দেয়।’
এরপর কখনো নৌপথে, কখনো পায়ে হেঁটে অনেক কষ্টের পথ পেরিয়ে ভারতের বালাটে। প্রথম দিন বাজারের মাচায় ঘুমানো। এরপর সেখানকার এক চায়ের দোকানে মাটির ওপর লুঙ্গি বিছিয়ে সাত-আট দিন কাটে। পরে শিলংয়ে গিয়ে তরুণদের নিয়ে বিএলএফ (মুজিববাহিনী) গঠনে ভূমিকা রাখেন তিনি। এই বাহিনীর দুটি ক্যাম্পের চেয়ারম্যান নির্বাচিত হন আবদুল হামিদ। সেখান থেকে তালিকা করে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য পাঠানো হতো।
রাষ্ট্রপতি জানান, সংগঠকের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজে তেমন একটা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাননি। তিনি বলেন, ‘আমার নিজের ট্রেনিং ছিল মাত্র দুই দিনের। আসামের গুয়াহাটির কাছে একটা ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে দুই দিন শুধু পিস্তলে গুলি করা শিখাইছে। এক মাস কোথাও গিয়ে ট্রেনিং করার আমার অবস্থা ছিল না।’
আবদুল হামিদ ১৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবর পান। শুরু হয়ে যায় আনন্দের বন্যা। এরপর দেশে ফেরার চিন্তা মাথায় এলেও শরণার্থীদের করুণ অবস্থার কথা চিন্তা করে আসতে পারছিলেন না।
অবশ্য, যুদ্ধ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির বাবাসহ অন্যরা দেশে ফিরে আসেন। আবদুল হামিদ বলেন, ‘আমার পরিবারও তখন অসুস্থ ছিল। আমার বাবা নভেম্বরে দেশে ফেরেন। নভেম্বরেই তিনি মারা গেছেন। তাঁকে নির্যাতন করেছিল রাজাকাররা।’ এরপর ৭ জানুয়ারি রওনা হয়ে ১০ জানুয়ারি দেশে ফেরেন আবদুল হামিদ।