রাজাকারমুক্ত দেশ গড়ার প্রত্যয়
রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যথাযথ মর্যাদায় এবং নানা আয়োজনের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: দিবসের প্রথম প্রহরে রাত ১২টায় পাটগুদাম ব্রিজমোড়ে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ। সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টির নেতারা। সকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে।
সিলেট: প্রথম প্রহর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কয়েক শতাধিক সংগঠন নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসনের উদ্যোগে নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ ও শারীরিক কসরতে অংশ নেয় নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে ও মুজিব জাহান রক্তকেন্দ্রের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উদ্যাপিত হয়েছে। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী সিলেটের ব্যবস্থাপনায় নগরের পূর্ব শাহি ঈদগাহ এলাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
শেরপুর: তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ আতিউর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্বাধীনতাযুদ্ধ এবং ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলার বিটিআরআই উচ্চবিদ্যালয়ে ২২০ ফুট দীর্ঘ মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী করা হয়। অষ্টম শ্রেণির ৭৪ জন শিক্ষার্থী এতে ছবি এঁকেছে। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বিটিআরআই উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাইনউদ্দীন আহমেদ।
মৌলভীবাজারে সকালে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
জামালপুর: দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসকের পক্ষ থেকে শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর জামালপুর মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকালে আবদুল হাকিম স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও শিশুসদনে উন্নত খাবার পরিবেশন করা হয়।
নেত্রকোনা: তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। সকালে জেলা শহরের সাতপাই স্মৃতিসৌধে এবং কালেক্টরেট ভবন প্রাঙ্গণের স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। পরে নেত্রকোনা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।
কুমিল্লা: জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন, কুচকাওয়াজ, আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সাংসদ আ ক ম বাহাউদ্দিন, জেলা পরিষদের প্রশাসক ওমর ফারুক, জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল ও জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া: শহরের স্থানীয় ফারুকী পার্কে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে জেলা প্রশাসন। পরে স্মৃতিসৌধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে জেলার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে। পরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।