রাজাকারমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে মুক্ত দিবস পালন
রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার শপথে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, কুষ্টিয়ার দৌলতপুর ও যশোরের বাঘারপাড়া মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর কাছ থেকে এসব স্থান মুক্ত হয়।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: বিকেল সাড়ে চারটার দিকে নগরের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় বিহঙ্গ এলাকায় জড়ো হন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মীসহ নাগরিকেরা। সন্ধ্যায় বিজয় বিহঙ্গের পাদদেশে জ্বলে ওঠে ৪৬টি প্রদীপ। এ সময় অন্ধকার দূর করার প্রত্যয় নেন উপস্থিত ব্যক্তিরা। জাতীয় সংগীতে কণ্ঠ মেলান তাঁরা। উদীচী শিল্পীগোষ্ঠী, বরিশাল ও প্রথম আলো বন্ধুসভা প্রতিবছরের মতো এবারও এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে উদীচীর জেলা সভাপতি বিশ্বনাথ দাসের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ অন্যরা। বক্তারা বলেন, যত দিন পর্যন্ত একজন রাজাকার বেঁচে থাকবে, তত দিন মুক্তিযোদ্ধাদের সংগ্রাম চলবে। আলোচনার ফাঁকে আবৃত্তি হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পটুয়াখালী: দুপুর ১২টার দিকে শহরের চৌরাস্তা এলাকা থেকে আওয়ামী লীগের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে পিডিএস মাঠসংলগ্ন শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শপথ নেওয়া হয় রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার। এর আগে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহর ঘুরে পুরোনো জেলখানায় যায়। সেখানে গণকবর এবং শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ইউনিট কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
পিরোজপুর: সকালে স্বাধীনতা চত্বর থেকে শোভাযাত্রা বের করে মুক্ত দিবস উদ্যাপন কমিটি। শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে বলেশ্বর নদের খেয়াঘাটের শহীদবেদিতে এসে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেখানে উপস্থিত সবাই স্বাধীনতা রক্ষা ও রাজাকারমুক্ত বাংলা গড়ার শপথবাক্য পাঠ করেন। এ ছাড়া আলোক মিছিলসহ শহীদবেদিতে মোমবাতি প্রজ্বালন এবং স্বাধীনতা চত্বরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ঝালকাঠি: সকালে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। এ ছাড়া ঝালকাঠি প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা হয়।
যশোর: সকালে শোভাযাত্রা বের হয়ে বাঘারপাড়া উপজেলা বাজার প্রদক্ষিণ করে। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান। প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সাংসদ রণজিৎ কুমার রায়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মসিয়ূর রহমান, বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান আলী।