রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার শপথের মধ্য দিয়ে গতকাল শনিবার শহীদজননী জাহানারা ইমামের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালনকালে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবি করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। দিনটি উপলক্ষে অনেকেই ভিড় করেন জাহানারা ইমাম স্মৃতি জাদুঘরে। পুরাতন এলিফ্যান্ট রোডের কণিকা, ৩৫৫ শহীদজননী জাহানারা ইমাম সরণিতে এই স্মৃতি জাদুঘর। মুক্তিযুদ্ধ চলাকালে ছেলে শাফী ইমাম রুমীকে লেখা জাহানারা ইমামের চিঠি, তাঁর বিভিন্ন স্মৃতিচিহ্ন, পারিবারিক ছবি, ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের বিভিন্ন স্মৃতিসহ অনেক কিছুই আছে এই জাদুঘরে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের ছাত্র নাজমুল আলম গতকাল দুপুরে গিয়েছিলেন জাহানারা ইমাম স্মৃতি জাদুঘরে। সেখানে তিনি প্রথম আলোকে বলেন, ‘নতুন প্রজন্মের দেখা উচিত কীভাবে একটি পরিবার দেশকে ভালোবেসেছে। জাহানারা ইমামের আজীবন লালিত স্বপ্ন ছিল যুদ্ধাপরাধের বিচার হোক। সরকারের উচিত দ্রুত যুদ্ধাপরাধের বিচার করে জাহানারা ইমামের ঋণ শোধ করা।’ জাদুঘরের কিউরেটর সুস্মিতা শিকদার প্রথম আলোকে জানান, মহান স্বাধীনতাযুদ্ধে জাহানারা ইমাম, তাঁর স্বামী শরীফ ইমাম এবং ছেলে শাফী ইমাম রুমীর অবদানকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এই জাদুঘর। প্রতি শনিবার এবং বিশেষ দিনে এটি খোলা থাকে। তরুণ-তরুণী এবং শিক্ষার্থীরাই এখানে বেশি আসে। স্মৃতিচিহ্ন এবং চিঠি দেখে আবেগতাড়িত হয় অনেকেই। জাহানারা ইমাম স্মরণে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গতকাল সকাল আটটায় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। একই সময়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলও (বাসদ) তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। সকালে পুষ্পস্তবক অর্পণের পর জাহানারা ইমামের স্মরণে সভা করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজীবন আন্দোলন করায় তৎকালীন বিএনপি সরকার জাহানারা ইমামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছিল। আর এখন সেই যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিএনপি হরতাল দিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করার এ চক্রান্ত যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। যুদ্ধাপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার শুরু করার দাবি জানান তাঁরা। এ ছাড়া ঢাকা মহানগর তাঁতী লীগ, বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, প্রজন্ম ’৭১, জাতীয় হিন্দু পরিষদসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।১৯৭১ সালে জাহানারা ইমাম আবির্ভূত হয়েছিলেন এক মুক্তিযোদ্ধার মা, এক দেশপ্রেমিকের স্ত্রী এবং দৃঢ়চেতা এক বাঙালি নারী হিসেবে। জীবনের ঝুঁকি নিয়ে তিনি আশ্রয় দিতেন মুক্তিযোদ্ধাদের। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনের মাধ্যমে তিনি যুদ্ধাপরাধের বিচারের আন্দোলন শুরু করেন। ১৯৯৪ সালের ২৬ জুন তিনি মৃত্যুবরণ করেন।