জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের জেরায় শাহরিয়ার কবির বলেছেন, রাজাকাররা জামায়াত নেতাদের সই করা পরিচয়পত্র বহন করতেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল সোমবার শাহরিয়ার কবিরকে ষষ্ঠ দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। মুজাহিদ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। শাহরিয়ার কবির একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি এবং এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী।ঢাকা জেলার তালিকাভুক্ত রাজাকারের সংখ্যা কত এবং এটি কোন বইয়ে আছে—আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, মেজর আরেফিনের লেখা তিন খণ্ডের বইয়ে ৩৩ হাজার রাজাকারের পরিচয় রয়েছে। সেখানে ঢাকা জেলার রাজাকারের সংখ্যা ও তালিকা থাকতে পারে। রাজাকারদের দলীয় পরিচয় কি ওই বইয়ে ছিল—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বইটিতে মেজর আরেফিন রাজাকারদের দলীয় পরিচয় উল্লেখ করেননি। তবে আমাদের গবেষণায় প্রাপ্ত তথ্যমতে, বেশির ভাগ রাজাকারের দলীয় পরিচয় ছিল।’আইনজীবী জানতে চান, মহকুমার প্রশাসকেরা কি রাজাকারদের নিয়োগ দিতেন? সাক্ষী বলেন, হ্যাঁ। রাজাকাররা জামায়াত নেতাদের স্বাক্ষরিত পরিচয়পত্র বহন করতেন। এ কথায় আইনজীবী আপত্তি জানান। ট্রাইব্যুনাল বলেন, আপত্তির বিষয়টিও উল্লেখ থাকবে।রাজাকারদের কোনো পরিচয়পত্র কি আপনার সংগ্রহে আছে—আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, নেই। তবে তাঁর প্রামাণ্যচিত্রে রাজাকাররা বলেছেন, তাঁরা মতিউর রহমান নিজামীর স্বাক্ষরিত পরিচয়পত্র বহন করতেন। মতিউর রহমান নিজামী কি রাজাকারদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন—এ প্রশ্নে তিনি বলেন, তিনি (নিজামী) সংশ্লিষ্ট ছিলেন না, তবে তিনি জামায়াতের কর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে রাজাকার বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তাদের সহযোগী বাহিনীও কি আত্মসমর্পণ করেছিল—এ প্রশ্নে সাক্ষী বলেন, সেদিন সবাই আত্মসমর্পণ করেনি। দালাল আইনে যাঁদের বিচার হয়েছিল, তাঁদের অনেকেই উচ্চ আদালতে আপিল করে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন কি না—আইনজীবীর এ প্রশ্নে শাহরিয়ার কবির বলেন, ‘দালাল আইনের বিচার সম্পর্কে আমাদের আপত্তি ছিল। শহীদ পরিবারের সদস্য হিসেবে পুরো বিচার-প্রক্রিয়া সম্পর্কে আমাদের প্রশ্ন আছে। দালাল আইনের সীমাবদ্ধতা দূর করতে ও ত্রুটিমুক্ত করতে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে।’পরে শাহরিয়ার কবিরকে আরও কয়েকটি প্রশ্ন করেন মিজানুল ইসলাম। এরপর জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।সাজেদা চৌধুরীর ব্যাখ্যা দেওয়ার দিন পুনর্নির্ধারণ: জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে তাঁর ব্যাখ্যা দেওয়ার জন্য ১ অক্টোবর দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল তাঁর আইনজীবী আবদুল বাসেত মজুমদার সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল দিন পুনর্নির্ধারণ করেন।আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম গত ৫ আগস্ট সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন।শুনানি শেষে ট্রাইব্যুনাল একজন আইনজীবীর মাধ্যমে তাঁকে ১০ সেপ্টেম্বর এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী হাসানুজ্জামানকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। বুধবার এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।একই ট্রাইব্যুনালে জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী আমির হোসেন মোল্লাকে চতুর্থ দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবাহান তরফদার। পরে জেরা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।