
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, স্বাধীনতার ৪৪ বছর পরও এ দেশে রাজাকাররা বহাল তবিয়তে আছে। তারা দেশের বিরুদ্ধে এবং গণতন্ত্র ও গণতান্ত্রিক সরকারব ্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি বলেন, যত ষড়যন্ত্র হোক না কেন, রাজাকাররা সফল হবে না।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল রোববার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সৈয়দ আশরাফ এ কথা বলেন। তিনি বলেন, একাত্তরে এ দেশের মানুষ এই পাকিস্তানিদের পরাজিত করেছিল। এ দেশের মানুষ পরাজিত হয়নি। পাকিস্তানিরা ভেবেছিল বাংলাদেশ স্বাধীন হলে সাত দিনও টিকবে না। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে, তা তারা কখনো ভাবেনি। ৪৪ বছর ধরে ওই গোষ্ঠী ষড়যন্ত্র করছে। তারা আগেও সফল হতে পারেনি, এখনো সফল হতে পারবে না।
১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে বন্দীদশা কাটিয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। দিনটিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়।
গতকাল নানা কর্মসূচিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। সকাল সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে সরকারপ্রধান হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় দলের নেতাদের মধ্যে ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, ইউসুফ হোসেন হুমায়ুন, এইচ টি ইমাম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, সুজিৎ রায় নন্দী প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ভবনের ভেতরে যান এবং সেখানে কিছু সময় কাটান।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবন ত্যাগ করার পর ঢাকা মহানগর আওয়ামী লীগ, কেন্দ্রীয় ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং জাতীয় শ্রমিক লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ সমাবেশ: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সোমবার বেলা আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য দেবেন দলের জ্যেষ্ঠ নেতারা।