রাজাকারের আঞ্চলিক অধিনায়কের বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধ চলাকালে টাঙ্গাইলে গণহত্যা, লুটপাটের অভিযোগে রাজাকার বাহিনীর নেতা তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে আজ সোমবার আদালতে মামলা হয়েছে। শহরের ভাল্লুককান্দি এলাকার মুক্তিযোদ্ধা মো. শাজাহান চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ শুরুর পর তোফাজ্জল হোসেন রাজাকার হিসেবে যোগ দেন। রাজাকার বাহিনীর আঞ্চলিক অধিনায়কের দায়িত্ব পান তিনি। তাঁর নেতৃত্বে ১৯৭১ সালের ২৮ জুলাই দেলদুয়ার উপজেলার পাথরাইলে রাজাকার বাহিনী ১৪ জন হিন্দু ব্যবসায়ীকে হত্যা করে এবং তাঁদের বাড়িঘর লুটপাট করে। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা মমতাজ আলী মাতব্বরের বাড়িঘর পুড়িয়ে দেন তিনি। অনেক মানুষকে ধরে নিয়ে নির্যাতন করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী এস আকবর খান জানান, আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লা আল মাসুম মামলাটি গ্রহণ করেন। মামলাটি এখন তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে।