রাজাকারের তালিকা তৈরির কাজে অগ্রগতি কম
রাজাকারের তালিকা তৈরির কার্যক্রমে খুব একটা অগ্রগতি নেই। এই তালিকা তৈরিতে গঠন করা সংসদীয় উপকমিটি বাতিল করে নতুন একটি উপকমিটি গঠন করা হয়েছে। কোরাম–সংকটের কারণে আগের কমিটি নিয়মিত বৈঠক করতে পারছিল না। এ কারণে নতুন উপকমিটি গঠন করা হয়েছে।
সংসদীয় উপকমিটি মাঠ প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত ৩০টি জেলা থেকে রাজাকারের আংশিক তালিকা পেয়েছে। কিন্তু কমিটি বলছে, এই তালিকার বেশির ভাগই গ্রহণযোগ্য মনে হয়নি।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে রাজাকার, আলবদর এবং স্বাধীনতাবিরোধীদের তালিকা তৈরির অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
রাজাকারদের তালিকা তৈরিতে ২০২০ সালের ৯ আগস্ট একটি উপকমিটি গঠন করেছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। শাজাহান খানের নেতৃত্বাধীন ওই কমিটির অন্য সদস্যরা ছিলেন স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম, রাজিউদ্দিন আহমেদ, এ বি তাজুল ইসলাম, ওয়ারেসাত হোসেন বেলাল ও মোসলেম উদ্দিন আহমেদ। আজ সংসদীয় কমিটির বৈঠকে এই উপকমিটি বাতিল করে শাজাহান খানকে আহ্বায়ক রেখে নতুন কমিটি করা হয়। নতুন উপকমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ও আওয়ামী লীগের সাংসদ এ বি তাজুল ইসলাম।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান সাংবাদিকদের বলেন, আগের উপকমিটি আকারে বড় ছিল, অনেক সময় বৈঠকে কোরাম পূর্ণ হতো না। এ কারণে ওই কমিটি ভেঙে দিয়ে ছোট আকারের উপকমিটি করা হয়েছে। তিনি বলেন, এর আগে উপকমিটি গঠনের পর রাজাকার, আলবদর, আলশামসদের তালিকা চেয়ে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু জেলা থেকে যে তালিকা দেওয়া হয়েছে, তার বেশির ভাগ কমিটির কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। অনেক জেলায় রাজাকার নেই, এমন তথ্য জানানো হয়।
মাঠ প্রশাসনের পাশাপাশি সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমেও রাজাকারের তালিকা সংগ্রহ করা হচ্ছে। ওই সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধকালীন কমান্ডারদের চিঠি দিয়ে তাঁদের অধিক্ষেত্রের রাজাকারদের তালিকা সরবরাহের অনুরোধ করা হয়েছে।
শাজাহান খান সাংবাদিকদের বলেন, এই সংগঠনের মাধ্যমে ১৩০টি উপজেলা থেকে রাজাকারদের তালিকা সংগ্রহ করা হয়েছে। এই তালিকা অধিকতর যাচাই–বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে স্থায়ী কমিটির সুপারিশগুলোর বাস্তবায়ন অগ্রগতির সুনির্দিষ্ট তথ্য না থাকায় কমিটি অসন্তোষ প্রকাশ করেছে।
শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আবুল হাসানাত আবদুল্লাহ, রফিকুল ইসলাম, এ বি তাজুল ইসলাম ও কাজী ফিরোজ রশীদ অংশ নেন।