রাজাকারের তালিকা নিয়ে প্রশ্নে বিএনপির স্বরূপ উন্মোচিত হয়েছে: তথ্যমন্ত্রী

রাজাকারের তালিকা কেন—এ প্রশ্ন করে বিএনপি রাজাকারদের পক্ষে নিজেদের মুখোশ নিজেরাই উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক।
‘স্বাধীনতার ৪৮ বছর পর রাজাকারের তালিকা কেন’—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মন্তব্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তথ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার সদর দপ্তরে বাংলাদেশ বেতারের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব তাঁর এ বক্তব্যের মধ্য দিয়ে রাজাকারদেরই পক্ষ নিয়েছেন। আমরা এত দিন ধরে বলে আসছি, বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক এবং তাদের দলের চেয়ারপারসন পাকিস্তানিদের দোসর ছিলেন। তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছেন। আজ রাজাকারের তালিকা প্রকাশের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন তালিকা প্রকাশ হলো—এ প্রশ্ন রেখে রাজাকারদের পক্ষ অবলম্বন করে নিজেদের মুখোশই উন্মোচন করেছেন।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, কারণ রাজাকারের তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, রাজাকারদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তারা বিএনপি ও তাদের সহযোগী এবং সে জন্যই এ তালিকা প্রকাশে তাদের এত গাত্রদাহ।
এ সময় ‘তালিকায় কিছু ভুল রয়েছে’ বলে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, কিছু ভুল রয়েছে, যা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নিজেও স্বীকার করেছেন এবং ভুলগুলো অবশ্যই শুধরে নেওয়ার সুযোগ আছে। তবে এই ভুলগুলো কেন হলো, কীভাবে হলো, ইচ্ছাকৃতভাবে কেউ করেছে কি না, তা অনুসন্ধান করে বের করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

জাতির মনন তৈরিতে বেতারের ভূমিকা অনন্য
বাংলাদেশ বেতারের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তথ্যমন্ত্রী বলেন, দেশ ও জাতি গঠন এবং উন্নত রাষ্ট্র গড়ার পাশাপাশি জাতির মনন তৈরিতে বেতারের অনন্য ভূমিকা রয়েছে। ‘নিউ মিডিয়ার’ এই যুগেও বেতার তার স্বাতন্ত্র্য বজায় রেখেছে। উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে সর্বত্র মানুষ এখন গাড়িতে, মোবাইল ফোনেও বেতার শোনে।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ বেতার ১৯৩৯ সালে পূর্ব বাংলা আমলে প্রতিষ্ঠা পেয়ে এই অঞ্চলের মানুষের সেবায় কাজ করে চলেছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের স্বাধীনতায় যে অবদান রেখেছে, তা ইতিহাসে চিরস্মরণীয়।
এরপর বেতার চত্বরে স্থাপিত মঞ্চে আলোচনা সভায় যোগ দেন তথ্যমন্ত্রী। সভায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, তথ্যসচিব আবদুল মালেক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, অতিরিক্ত সচিব নূরুল করিম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার প্রমুখ বক্তব্য দেন। বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (বার্তা) হোসনে আরা তালুকদার স্বাগত বক্তব্য দেন। তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ বেতারের কর্মকর্তারা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা শোভাযাত্রা ও সভায় উপস্থিত ছিলেন।