রাজাকারের তালিকা প্রকাশের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলায় স্বাধীনতাবিরোধী ও রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জলঢাকা উপজেলা শাখা। উপজেলা শহরের জিরো পয়েন্টে শুরু হওয়া গতকাল রোববার বেলা ১১টায় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্বাধীনতার সপক্ষে রাজনৈতিক সংগঠনের নেতারা ছাড়াও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো. আসাদুজ্জামান। বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসির উদ্দিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক সারোয়ার হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, শ্রমিক লীগের নেতা শাহিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাহ উদ্দিন, শিক্ষকনেতা মর্তুজা ইসলাম, জাসদ ছাত্রলীগের নেতা সাজ্জাদ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অবিনাশ রায়, কুলো চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগেই উপজেলার সব স্বাধীনতাবিরোধী ও রাজাকারের নামের তালিকা প্রকাশ এবং জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে একটি ঘৃণা স্তম্ভ স্থাপনের দাবি জানান।