‘খান এ সবুরের বেল নাই, যশোর রোড ফেরত চাই’; ‘খুলনাবাসী কী চায়, যশোর রোড ফেরত চায়’। গতকাল সোমবার সকাল থেকে এমন স্লোগানে মুখর হয়ে ওঠে খুলনার শিববাড়ী মোড়ে নির্দলীয় গণমঞ্চ। মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে নগরের শিববাড়ী মোড়ে ষষ্ঠ দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। গণমঞ্চের সমন্বয়ক সাইফুল ইসলাম বলেন, ‘একটি স্বাধীন দেশে একজন চিহ্নিত রাজাকারের নামে সড়ক, ভাবা যায় না। এই যশোর রোডের ঐতিহাসিকতা সারা বিশ্ব জানে। আমরা “যশোর রোড” নামটি ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’ জানা যায়, আশির দশকে ইসলামনগরের কাস্টমঘাট থেকে ফুলবাড়ী গেট পর্যন্ত সড়কটির পূর্বের নাম ‘যশোর রোড’ বদলে খান-এ-সবুরের নামে নামকরণ করা হয়। এ সম্পর্কে মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম বলেন, ‘খান-এ-সবুর ছিলেন মুসলিম লীগের প্রধান নেতা। তাঁর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মধ্যে খুলনায় প্রথম রাজাকার ক্যাম্প স্থাপন করা হয়। তাঁর নামে সড়ক! এই দেখার জন্য যুদ্ধ করিনি।’ গণমঞ্চের অন্যতম সদস্য ভাস্কর সাহা বলেন, ‘বিশ্ববাসীর কাছে যশোর রোড একটি পরিচিত নাম। যশোর রোডের নামের সঙ্গে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি জড়িত। অথচ সেই সড়কের নাম রাখা হয়েছে একজন রাজাকারের নামে। এটি বাঙালি জাতির জন্য ভীষণ লজ্জার।’