রাজাকারের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রাজাকার ও ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচারসহ ছয় দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন শুরু হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, শেখ কোরবান আলী, গোলাম সরোয়ার, আবুল কাশেম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘আমরা যাঁরা জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতার লাল-সবুজ পতাকা ছিনিয়ে এনেছিলাম; আমাদের কেউ শহীদ হয়েছেন, কেউ পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন। অথচ এখন অমুক্তিযোদ্ধাদের আস্ফালন দেখছি। রাজাকারের গাড়িতে পতাকা উড়তে দেখেছি। অনেক রাজাকার মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ এবং মৃত্যুর পর রাষ্ট্রীয় সালাম পায়। অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেন। ইউএনওর অনুপস্থিতিতে তাঁর গোপনীয় সহকারী (সিএ) ফয়জুল ইসলাম সেটি গ্রহণ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা দাবির মধ্যে রয়েছে সরকারি মুক্তিযোদ্ধার গেজেটে যেসব রাজাকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁদের নাম বাতিল; এ যাবৎ সরকারি কোষাগার থেকে ভোগ করা অর্থ ফেরতসহ দৃষ্টান্তমূলক শাস্তি; ভুয়া মুক্তিযোদ্ধা ও ভুয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নামে দেওয়া সব সুযোগ-সুবিধা বন্ধ করে বিচারের আওতায় আনা; বিভিন্ন দপ্তরে কর্মরত ভুয়া মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের চাকরি বাতিল, মুক্তিযোদ্ধা হিসেবে চাকরির অতিরিক্ত মেয়াদকালীন বেতন-ভাতার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা ও শাস্তির আওতায় আনা; বর্তমানে যাচাই-বাছাই না হওয়া পর্যন্ত নতুনভাবে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার আবেদন স্থগিত রাখা; অবিলম্বে রাষ্ট্রীয় মুক্তিযোদ্ধা তালিকা থেকে উপযুক্ত তদন্তের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিল এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানীর সঙ্গে সাধারণ মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার ব্যবধান কমাতে হবে।