জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে রাজনীতিতে একবার রাজাকার ও একবার মুক্তিযোদ্ধার সরকার—এই ‘মিউজিক্যাল চেয়ারের’ খেলা চিরতরে বন্ধ করতে হবে।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে ঢাকা মহানগর জাসদের এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় জাসদ সভাপতি এ কথা বলেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
রাজাকার ও তাদের দোসররা স্বাধীনতার শত্রু ও জঙ্গিদের পৃষ্ঠপোষক, সে কারণে রাজনীতিতে কোনোভাবেই এদের স্থান দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘আমরা যখন জঙ্গি দমনের যুদ্ধে একটার পর একটা সাফল্য অর্জন করছি, তখন তাদের দোসররা গণতন্ত্রের দোহাই দেওয়ার সুযোগ নিয়ে রাজনীতিতে হালাল হওয়ার অপচেষ্টায় লিপ্ত। তারা যত দিন রাজনীতির মাঠে সক্রিয় থাকবে, তত দিন দেশে জঙ্গি উৎপাদন-পুনরুৎপাদন হতে থাকবে।’
তথ্যমন্ত্রী বলেন, যারা জঙ্গি, যুদ্ধাপরাধী ও রাজাকারদের সঙ্গে সম্পর্ক রাখে, সংবিধানের চার মূলনীতি মানে না, স্বাধীনতার ঘোষণা ও বঙ্গবন্ধুকে মানে না, ৩০ লাখ শহীদ ও পঁচিশে মার্চের কালরাত মানে না, তাদের সঙ্গে রাজনৈতিক লেনদেন আত্মঘাতী এবং দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শিরীন আখতারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।