ঝালকাঠি-১ আসনের সাংসদ বজলুল হকের মা ফিরোজা বেগমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার দুপুরে রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামের বাড়িতে। এ অনুষ্ঠানে যোগ দেওয়া উপলক্ষে রাজাপুর এবং কাঁঠালিয়া উপজেলার অধিকাংশ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় গতকাল বিনা নোটিশে বন্ধ ছিল। এ কারণে অনেক শিক্ষার্থী বই-খাতা নিয়ে বিদ্যালয়ে গিয়ে তালাবদ্ধ দেখে বাড়িতে ফিরে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, কুলখানি উপলক্ষে ২৫ হাজার মানুষের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে রাজাপুর এবং কাঁঠালিয়া উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাওয়াত করা হয়। এ জন্য অধিকাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা বিনা নোটিশে সকালেই প্রতিষ্ঠানে তালাবদ্ধ করে অনুষ্ঠানে যোগ দেন। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে তালাবদ্ধ দেখে ফিরে গেছে। কিছু বিদ্যালয়ে মাত্র একটি ক্লাস হওয়ার পরই ছুটি দেওয়া হয়। আবার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের বিদ্যালয়ে রেখেই মধ্যাহ্নভোজে যোগ দেন। গতকাল দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, ঝালকাঠি-রাজাপুর-কাঠালিয়া সড়কের দুই পাশে অবস্থিত বিদ্যালয়গুলোর মধ্যে পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়, পিংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিংড়ি এবতেদায়ী মাদ্রাসা, ৭৫ নম্বর বাঘড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব পুটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুসসালাম ফাজিল মাদ্রাসা, পুটিয়াখালী এম এল মাধ্যমিক বিদ্যালয়, ৫০ নম্বর পুটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ। এ ছাড়া রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কাঠালিয়া মডেল উচ্চবিদ্যালয় এবং কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ। ৪৪ নম্বর কাঁঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী আফিফা ইসলাম মৌরির বাবা তরিকুল ইসলাম বলেন, ‘সকাল সোয়া নয়টায় মেয়েকে নিয়ে বিদ্যালয়ে গিয়ে তালাবদ্ধ দেখতে পাই। উপস্থিত অন্য শিক্ষার্থীদের কাছে জানতে পারি শিক্ষকেরা সকলে এমপির মায়ের কুলখানি অনুষ্ঠানে গেছেন, এ জন্য বিদ্যালয় বন্ধ।’ একই কারণে বন্ধ ছিল কাঠালিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুস আলী খান বলেন, ‘বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির নির্দেশ অনুযায়ী সব শিক্ষক কুলখানিতে গেছেন। এ জন্য ১১টার পর বিদ্যালয় বন্ধ ছিল।’ রাজাপুরের দক্ষিণ পুটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও কোনো শিক্ষক ছিলেন না। ১০-১৫ জন শিক্ষার্থী বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করছে। চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না আক্তার ও আইরিন আক্তার বলে, ‘স্যাররা কেউ স্কুলে নাই, খাইতে গ্যাছে।’ কাঁঠালিয়া উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নুরুল হক মোল্লা বলেন, ‘অনেক শিক্ষকের দাওয়াত ছিল ঠিকই, কিন্তু আমরা বিদ্যালয় বন্ধের কোনো নির্দেশ দেইনি। কোনো প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধ রাখলে কারণ দর্শানো হবে।’ রাজাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীমা আকতার বলেন, ‘বিদ্যালয় খোলা রেখে পর্যায়ক্রমে একেকজন শিক্ষককে যাওয়ার জন্য বলা হয়েছিল।’ রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদ হোসেন বলেন, ‘সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দুপুর ১২টা পর্যন্ত ক্লাস করে দাওয়াতে যাওয়ার কথা।’