রাজাপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনের মৃত্যু
ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামে গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন: নজরুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী ইয়াসমিন বেগম (২৩) ও তাঁদের ছেলে নাঈম (৫)। মৃত ব্যক্তিদের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামে। তাঁরা নৈকাঠি গ্রামের একটি বাড়িতে কিছুদিন ধরে ভাড়া থাকতেন।এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে রেন্ট-এ-কার ব্যবসায়ী নজরুল ইসলামের ভাড়াবাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে পিরোজপুরের কাউখালী ও ভান্ডারিয়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও ঘরে আটকা পড়া তিনজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে। মৃতদের স্বজনেরা জানান, উদ্ধার করার পর তাঁদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতের দিকে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে গতকাল শুক্রবার সকালে মাওয়া ফেরিঘাটে শিশু নাঈম মারা যায়। দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নজরুল ইসলাম ও ইয়াসমিন। মৃত ব্যক্তিদের স্বজনেরা জানান, অগ্নিকাণ্ডে ঘরের প্রায় সব মালামাল পুড়ে গেছে।এদিকে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ ও ফায়ার সার্ভিসের কাছ থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মোতালিব বলেন, মশার কয়েল কিংবা মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কারণ অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎ ছিল না।কিন্তু কাউখালী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কামরুজ্জমান বলেন, বৈদ্যুতিক মাল্টিপ্লাগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। তিনি বলেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করেছেন।