রাজাপুরে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ঝালকাঠির রাজাপুর উপজেলার চরইন্দ্রপাশা গ্রামে পোশাককর্মী আঁখি বেগমকে ধর্ষণ ও হত্যার অপরাধে জাহাঙ্গীর হাওলাদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। মামলার অপর ৩ আসামিকে খালাস দেওয়া হয়। আসামি জাহাঙ্গীর পলাতক রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মোহা. বজলুর রহমান এ রায় দেন।
আদালত-সংশ্লিষ্ট ও মামলার নথি সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলার বদরপুর গ্রামের মৃত তাছেম উদ্দিন হাওলাদারের মেয়ে আঁখি বেগমকে চরইন্দ্রপাশা গ্রামের মুনসুর হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার ২০০৯ সালের ২০ অক্টোবর রাতে পরিকল্পিতভাবে হত্যা করেন। আসামি জাহাঙ্গীর আঁখি বেগমের সৎ বোনের স্বামী। ২০০৭ সালে জাহাঙ্গীর আঁখি বেগমকে ঢাকার পোশাক কারখানায় চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় আঁখি বেগম ২০০৭ সালের ৭ জুলাই রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা থেকে রেহাই পেতে জাহাঙ্গীর প্রলোভন দেখিয়ে আঁখিকে বিয়ে করেন। বিয়ের পর মামলা উঠিয়ে নিতে আঁখির ওপর নির্যাতন চালান। তাঁরা দুজনে ঢাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করার একপর্যায়ে আঁখি ঢাকা থেকে চট্টগ্রাম পালিয়ে পোশাক কারখানায় চাকরি নেন। ইতিমধ্যে ধর্ষণ মামলায় আদালত জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
জাহাঙ্গীর পলাতক অবস্থায় চট্টগ্রাম থেকে আঁখিকে নিয়ে ২০০৯ সালের ১৯ অক্টোবর আবার ঢাকায় তাঁর ভাইয়ের বাসায় ওঠেন। সেদিন বিকেলেই আঁখিকে নিয়ে জাহাঙ্গীর ভাইয়ের বাসা থেকে উধাও হয়ে যান। এদিকে ২০ অক্টোবর মধ্যরাতে আঁখির ব্যবহৃত মুঠোফোন থেকে অজ্ঞাত ব্যক্তি তাঁর মাকে জানায় আপনার মেয়ে বাড়িতে এসেছে। আপনি তাঁকে নেওয়ার জন্য ঘর থেকে বাইরে আসেন। ওই দিন রাতে আঁখির কোনো সন্ধান পাওয়া যায়নি। না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজে গত ২১ অক্টোবর মঠবাড়ি ইউনিয়নের চরইন্দ্রপাশা গ্রামের জমির আইলের ওপর আঁখির লাশ পান তাঁর মা। এ ঘটনায় আঁখির মা রশোনা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা করেন। পরে ফরেনসিক রিপোর্টে আঁখিকে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা হানিফ শিকদার ২০১০ সালের ১২ মে আদালতে চারজনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২০১২ সালের ১০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এ বিষয়ে ঝালকাঠি অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) এম আলম খান কামাল বলেন, আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণ পেয়ে এ রায় দেন। এটি একটি চাঞ্চল্যকর মামলা। কারণ দণ্ডপ্রাপ্ত আসামি ইতিপূর্বে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।