রাজাপুরে বাক্স ভাঙচুর করে দরপত্র ছিনতাই
ঝালকাঠির রাজাপুর উপজেলার এলজিইডি কার্যালয়ে গতকাল মঙ্গলবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে একটি দরপত্রের বাক্স ভাঙচুর করেছে। পরে তারা ওই বাক্স থেকে দরপত্র ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজাপুর কার্যালয় সূত্র জানায়, উপজেলায় চারটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য এক কোটি ৬৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছিল। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। এ কারণে সকাল থেকেই নির্ধারিত বাক্সে দরপত্র জমা পড়তে থাকে। এর মধ্যে ১৫-২০ জনের একটি দল হঠাৎ লাঠিসোঁটা নিয়ে ওই কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করে। পরে বাক্স ভাঙচুর করে ছিনিয়ে নেয় দরপত্র।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলেও কাউকে পায়নি। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে দরপত্রের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।