রাজাপুরে ভুয়া মেজর গ্রেপ্তার
ঝালকাঠির রাজাপুর উপজেলায় গত শুক্রবার সেনাবাহিনীর মেজর পরিচয় দেওয়া তোফাজ্জেল হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, তোফাজ্জেল হোসেন সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে জমি দখল এবং চাঁদাবাজি করছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। নৌবাহিনীর সদস্য ইমাম হোসেনের স্ত্রী উপজেলার আদর্শপাড়া গ্রামের বাসিন্দা শিউলী বেগম বাদী হয়ে গত বৃহস্পতিবার তোফাজ্জেল এবং তাঁর ছেলে রুবেল ও রাজুসহ ছয়জনকে আসামি করে রাজাপুর থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ২ জুলাই ভোরে তোফাজ্জেল এবং তাঁর দুই ছেলের নেতৃত্বে ২০-২৫ জন দুর্বৃত্ত শিউলী বেগম ও তাঁর মা হামিদা বেগমের ওপর হামলা চালায়। এ সময় তারা পিটিয়ে হামিদা বেগমের হাত ভেঙে ফেলে এবং তাঁদের বসতবাড়ি দখল করে নেয়। দীর্ঘ আড়াই মাস শিউলী বেগম এবং তাঁর মা ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসা শেষে এলাকায় ফিরে এসে এ মামলা করেন।এদিকে তোফাজ্জেলের মিথ্যা মামলার আসামি হয়ে হয়রানির শিকার হয়েছে শিক্ষক, চাকরিজীবী, কৃষক, জনপ্রতিনিধি, গৃহবধূ, বিধবাসহ প্রায় ২০০ মানুষ।তোফাজ্জেল হোসেন দাবি করে বলেন, ‘আমি কোথাও নিজেকে মেজর পরিচয় দেইনা। লোকজন আমাকে মেজর বলে ডাকে।’রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম তালুকদার বলেন, তোফাজ্জেলকে শুক্রবার গ্রেপ্তার করে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক নুসরাত জাহান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।