রাজাপুরে শিক্ষিকার বেত্রাঘাতে স্কুল ছাত্রী হাসপাতালে
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার বেত্রাঘাতে হোসনে আরা (৯) নামের এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।হোসনে আরা ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং দিনমজুর হেমায়েত হাওলাদারের মেয়ে।হোসনে আরার মা শাহিদা বেগম বলেন, ‘গত বুধবার না বলে টয়লেটে যাওয়ার অপরাধে সহকারী শিক্ষক শাহরিয়া নাজনীন তাকে বেদম বেত্রাঘাত করেন। পরে হোসনে আরা অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ওই দিন রাতে হোসনে আরা প্রচণ্ড শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হলে তাকে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার পুরো শরীর ফুলে গেছে। সামান্য কারণে আপা কেন তাকে মারলেন, এর বিচার চাই।’ হোসনে আরা হাসপাতালে সাংবাদিকদের বলে, বুধবার সকালে অঙ্ক ক্লাসের সময় আপাকে (শিক্ষক) না বলে টয়লেটে যাওয়ায় আপা তাকে বেত দিয়ে পেটান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ জানান, আহত শিক্ষার্থীর শরীরে পেটানোর আঘাত রয়েছে। প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, ‘শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি। ছাত্রীর পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় তার চিকিৎসার খরচ আমিই বহন করছি।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীমা আখতার বলেন, ‘ঘটনাটি জেনেছি। প্রাথমিক বিদ্যালয়ে বেত ব্যবহার নিষিদ্ধ। তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’অভিযুক্ত শিক্ষক শাহরিয়া নাজনীন বলেন, ‘ক্লাস চলাকালে খেলার কারণে ছোট লাঠি দিয়ে তাকে সামান্য আঘাত করেছি। পারিবারিক শত্রুতার কারণে স্থানীয় কিছু ব্যক্তি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।