রাজাপুরে সেতুর পাইলিংয়ে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিশ্বাসবাড়ী এলাকায় বরিশাল-খুলনা সড়কে গত রোববার রাতে নির্মাণাধীন একটি সেতুর পাইলিং ও বিকল্প সড়ক ধসে গেছে৷
এতে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের সঙ্গে খুলনা বিভাগের জেলাগুলোর সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে৷ গত রোববার রাতে ওই দুর্ঘটনার পর গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত যান চলাচল শুরু হয়নি৷
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, বরিশাল-খুলনা সড়কে বিশ্বাসবাড়ী এলাকায় একটি পাকা সেতুর নির্মাণকাজ চলছে৷ এ জন্য সেতুর পাশ দিয়ে বিকল্প সড়কও বানানো হয়েছে৷ কিন্তু রোববার রাত নয়টার দিকে নির্মাণাধীন সেতুর নিচের মাটি ধসে পড়ে৷ এতে পাশের বিকল্প সড়ক ও বেইলি সেতুর নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে রাত থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷ সড়কের দুই পাশে আটকা পড়ে অর্ধশত যানবাহন৷
গতকাল আট কিলোমিটার হেঁটে অনেকেই পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া ফেরি পার হয়ে পিরোজপুর সদরসহ খুলনায় যান৷ ঝালকাঠি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, সেতুর পাইলিং ভেঙে পড়ায় কিছু যানবাহন ভান্ডারিয়া-চড়খালী ফেরি হয়ে প্রায় ৩৫ কিলোমিটার সড়ক ঘুরে পিরোজপুরে যাতায়াত করছে৷
স্থানীয়রা অভিযোগ করেন, ঠিকাদার পাইলিংয়ের মাটি নিয়ম অনুযায়ী না কাটায় ওই ধসের ঘটনা ঘটে৷
অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জয়ন্ত কুমার দাস বলেন, এ সেতুর সঙ্গে বিকল্প যোগাযোগব্যবস্থা চালু করতে কমপক্ষে সাত দিন সময় লাগবে৷
ঝালকাঠি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাদশা আলমগীর বলেন, নিচের মাটি ভেঙে পড়ায় বেইলি ব্রিজ ও বিকল্প সড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে৷ তাই যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে৷ ঠিকাদারকে শিগগিরই বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷