রাজাপুরের ওসি ও ইউএনওর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর থানা হাজতে আটকে রেখে দরিদ্র পরিবারের এক ছাত্রকে ঘুষের দাবিতে নির্যাতনের অভিযোগে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। নির্যাতিত ছাত্রর মা হেলেনা বেগম গতকাল বৃহস্পতিবার ঝালকাঠির বিশেষ জজ আদালতে মামলা করেন।
আদালতের বিচারক ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার অভিযোগ গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫(২) ধারা ও বাংলাদেশ দণ্ডবিধির ১৬১/১০৯/১১৪ ও ৩৪ ধারায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, কোনো মামলা-মোকদ্দমা না থাকা সত্ত্বেও রাজাপুরের বড় কৈবর্তখালী গ্রামের রিকশাচালক সাইদুর রহমানের ছোট ছেলে এসএসসি পরীক্ষার্থী রাসেল খানকে (১৫) রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম গত ২৭ মার্চ রাতে আটক করে থানায় আনেন। থানায় রাসেলের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরদিন হেলেনা বেগমের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন ওসি। ঘুষের টাকা না পেয়ে ৩০ মার্চ ওসি নজরুল ইসলাম ও ইউএনও মাহবুবা আক্তার পরস্পর যোগসাজশে ১৫ বছর বয়সের রাসেলকে ১৮ বছর বয়স দেখিয়ে ইভ টিজিংয়ের ঘটনা সাজিয়ে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।
পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, প্রতিবেদনে ওসির বিরুদ্ধে বেশ কিছু অনিয়ম ও নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। প্রতিবেদন পর্যালোচনা করে তাঁর কাছে কৈফিয়ত চাওয়া হবে। জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।