রাজাবাজারে ছাত্র হত্যায় চারজন গ্রেপ্তার
রাজধানীর রাজাবাজারে রাকিবুল ইসলাম ওরফে মুন্নাকে (১৮) হত্যার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো আকাশ, শান্ত, সৈকত ও মামুন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম চারজনকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে গতকাল মঙ্গলবার বলেন, গ্রেপ্তার চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা বর্তমানে কারাগারে। পুলিশ হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে।
৬ অক্টোবর রাজাবাজারের বাসার কাছে ছোট ভাইয়ের সহপাঠী ও বন্ধুদের হাতে ছুরিকাঘাতে খুন হন রাকিবুল ইসলাম। তিনি এবার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করা হয়।
পুলিশের তেজগাঁও অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাত্যকি কবিরাজ ঝুলন প্রথম আলোকে বলেন, রাকিবুলের ছোট ভাই রিয়াদ পূর্ব রাজাবাজারের একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। ওই বিদ্যালয়ের মাঠে রিয়াদের সঙ্গে তার এক বন্ধু আকাশের ঝগড়া ও হাতাহাতি হয়। রাকিবুল বিষয়টি জানতে পেরে আকাশের কাছে ঝগড়ার কারণ জানতে চান। এ সময় রিয়াদের ওই সহপাঠী আকাশ, শান্ত, সৈকত ও মামুন রাকিবুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে। পরে পুলিশ হত্যার ঘটনায় আকাশ, শান্ত, সৈকত ও মামুনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে।