রাজাবাজারে পুলিশের ব্লক রেইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রাজাবাজার এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ কমপক্ষে ১১টি ছাত্র মেসে তল্লাশি অভিযান চালিয়েছে। পুলিশ বলেছে, এসব মেসে মূলত বিভিন্ন কোচিং সেন্টারের এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা থাকেন। তবে এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হননি।
অভিযান পরিচালনাকারী পুলিশের তেজগাঁও বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাত্যকি কবিরাজ প্রথম আলোকে বলেন, রাত ১১টার পর থেকে রাজাবাজার এলাকায় সন্দেহভাজনদের খোঁজে মেস ও বাসাবাড়িতে অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। গুলশানে জঙ্গি হামলার পর রাজধানীজুড়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজাবাজারে ব্লক রেইড পরিচালনা করা হয়।
জানতে চাইলে শেরেবাংলা নগর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল গণেশ বিশ্বাস জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত পুলিশ ১১টি ভবনে তল্লাশি চালিয়েছে। ভবনগুলো ছয়-সাততলা করে হবে। প্রতিটি ভবনকে একটি করে মেস হিসেবে পুলিশ চিহ্নিত করেছে।
পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য কোচিং সেন্টারে যাচ্ছেন, এমন ছাত্রের সংখ্যাই এই মেসগুলোতে বেশি।
দুই দিন আগে ঢাকার কল্যাণপুরে বহুতল ভবনের মেসে পুলিশি অভিযানে সন্দেহভাজন নয়জন জঙ্গি নিহত ও একজন আহত হয়। সেই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন জায়গায় জঙ্গিবিরোধী ব্লক রেইড বা অভিযানের পাশাপাশি মেসেও তল্লাশি অব্যাহত রাখার কথা পুলিশ বলছে। এখন প্রায় প্রতি রাতেই রাজধানীর বিভিন্ন স্থানে ব্লক রেইড হচ্ছে।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, এটা কোনো বিশেষ অভিযান নয়। পুলিশ নিয়মিত দায়িত্ব হিসেবে এ ধরনের অভিযান চালাচ্ছে।