উত্তরার হরিরামপুর ইউনিয়নের রাজাবাড়ী থেকে ধউর এলাকায় নতুন পানিনিষ্কাশন নালা নির্মাণ করা হচ্ছে। এতে হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশুটিয়া, ধউর, কালীমন্দিরপাড়া, মধ্যপাড়া, রাজাবাড়ী এলাকার জলাবদ্ধতা নিরসন হবে বলে আশা করছেন এলাকাবাসী। পানিনিষ্কাশনের কাজ শেষ হওয়ার পরই ধউর মূল সড়কের রাস্তা সংস্কারের কথা রয়েছে।
গত বুধবার সেখানে গিয়ে দেখা যায়, পাইপ বসানোর জন্য ধউর মূল সড়কজুড়ে গভীর গর্ত খোঁড়া হয়েছে। গর্ত খুঁড়ে তোলা মাটি রাস্তার দুই পাশে রাখায় জায়গাটি আরও উঁচু হয়ে গেছে। এসব গভীর গর্তের পাশ দিয়েই লোকজন হাঁটছেন। তবে অনেক স্থানে পাইপ বসানোর কাজ শেষে গর্তগুলো ভরাট করা হয়েছে। সড়ক দিয়ে যান চলাচল আপাতত বন্ধ। এলাকায় থাকা বিভিন্ন শিল্পকারখানার ভারী যানবাহনগুলো বিকল্প পথে আশুলিয়া মূল সড়ক দিয়ে চলাচল করছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আগে এলাকায় পানিনিষ্কাশনের কোনো পথ না থাকায় জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন থেকে তাঁরা দুর্ভোগ পোহাচ্ছিলেন। বর্তমানে চলাচলে সাময়িক অসুবিধা হলেও এলাকাবাসী তা মেনে নিয়েছেন। তাঁরা মনে করছেন, নতুন এ পানিনিষ্কাশনের নালা নির্মাণ করা হলে জলাবদ্ধতার সমস্যা আর থাকবে না।
ধউর প্রাথমিক বিদ্যালয়ের পাশের চা-দোকানি মনির বলেন, ‘আগে রাস্তায় পানি জমত, রাস্তা হইয়া যাইত ড্রেন, পানি সরত না। দিনের পর দিন মাইনসের ঘরবাড়ি, দোকানপাটে আর রাস্তায় পানি আটকায় থাকত। ড্রেন অইলে আশা করি পানি আর আটকাব না।’
গত ১ আগস্ট রাস্তা খনন ও পাইপ বসানোর কাজ শুরু হয়। হরিরামপুরের রাজাবাড়ী এলাকা থেকে ৩ নম্বর ওয়ার্ডের ধউর এলাকার একটি জলাশয় পর্যন্ত পাইপ বসানো হবে। পাইপ বসানোর দুই-তৃতীয়াংশ কাজ প্রায় শেষ। ৩৬ ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হচ্ছে।
পয়োনিষ্কাশনের নালা নির্মাণের পর ১০ ফুট প্রস্থের রাস্তা পুনরায় নির্মাণ করা হবে বলে জানান ইউনিয়নের ৩ নম্বর আশুটিয়া-ধউর ওয়ার্ডের সদস্য আবদুল বারিক। তিনি বলেন, নালার কাজ শেষ করেই রাস্তা নির্মাণ করা হবে। মোট ১ হাজার ৫০ মিটার রাস্তা সংস্কার করা হবে। ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ কাজটি করা হচ্ছে।