রাজাবাড়ী সেতুর নির্মাণকাজ এক যুগেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারুলী নদীর ওপর ঢাকা-কাপাসিয়া সড়কের রাজাবাড়ী সেতুর নির্মাণকাজ এক যুগেও শেষ হয়নি। সময়মতো পর্যাপ্ত তহবিল বরাদ্দ না পাওয়া, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যর্থতা, ডিজাইনের পরিবর্তনসহ নানা কারণে তিনবার দরপত্র আহ্বানের পর তৃতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ চালানোর মাঝপথে কিছুটা কাজ করে আবার থেমে গেছে। ফলে সেতু ব্যবহারের অনিশ্চয়তার কথা জানান এ সেতু দিয়ে চলাচলকারী পরিবহন মালিক, শ্রমিকসহ রাজাবাড়ী এলাকার সাধারণ মানুষ। সরেজমিন সেতু নির্মাণের কাজ দেখতে গিয়ে দেখা গেছে, পুরোনো সেতুর ওপর এবং বেইলি সেতুর উত্তর পাশ দিয়ে মানুষ হেঁটে পারাপার হচ্ছে। বেইলি সেতুর পাটাতনগুলো যানবাহন চলাচলের সময় ঝাঁকিতে ওপর থেকে নিচে আবার নিচ থেকে ওপরে উঠছে। রাজাবাড়ী চিনাশুখানিয়া গ্রামের সোহেলী সুলতানা জানান, এক যুগ ধরে এ সেতুর নির্মাণকাজ তিনি দেখে আসছেন। ১২ বছরে সেতুর মাত্র বড় দুটি স্তম্ভ তৈরি হয়েছে। রাজাবাড়ী বাজারের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল ইসলাম বলেন, প্রায় সময়ই সেতুর ওপর দুর্ঘটনা ঘটে। ২০১০ সালের প্রথম দিকে গরুভর্তি একটি পিক-আপ পড়ে গিয়ে দুটি গরু মারা গেছে। কাপাসিয়ার ভাওয়াল পরিবহনের চালক মহিউদ্দিন বলেন, ‘১৯৯৫ সাল থেকে এ সড়কে গাড়ি চালাচ্ছি। ১৫ বছর ধরে সেতুটি অচল। সেতুতে গাড়ি আটকে গেলে একাধিক দিন কাপাসিয়া থেকে শ্রীপুর হয়ে ঢাকায় যাতায়াত করতে হয়েছে।’কিশোরগঞ্জের জলসিঁড়ি পরিবহনের চালক ইদ্রিস আলী জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত যে গাড়িগুলো চলাচল করছে প্রায় সময়ই এগুলো সেতুর দুই পাশে যানজটে আটকা পড়ছে। সেতুর ওপর দিয়ে দুটি গাড়ি একসঙ্গে চলতে পারছে না। রাজাবাড়ী বাজারের ব্যবসায়ী শাহনুর সরকার বলেন, সেতুটির জন্য দিনে কয়েকবার যানজট লেগে থাকে। যানজট লাগলে সেতুর দুই পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত থেমে থাকা যানবাহনের লম্বা লাইন সৃষ্টি হয়। গজারিয়া গ্রামের হোসনে আরা জানান, গত চার বছর আগে এ সেতু দিয়ে পারাপার হওয়ার সময় তাঁর স্বামী দিনমজুর আলফাজ উদ্দিন সাইড নিতে জায়গা না পাওয়ায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।বাউনী গ্রামের নজরুল ইসলাম শেখ বলেন, ‘যে কাজ ১২ বছরে সম্পন্ন হয়নি সে কাজ আগামী দুই বছরে সম্পন্ন হবে কি না সন্দেহ করছি।’ তৃতীয়বার দরপত্র আহ্বানে কাজ পাওয়া নির্মাণাধীন প্রতিষ্ঠান আর পি কনস্ট্রাকশনের প্রকল্প প্রকৌশলী মো. সোহেল রানা জানান, সম্প্রতি গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পরিবর্তন হয়েছে। তা ছাড়া সড়ক বিভাগের প্রতিনিধির সামনে ঢালাই করার নিয়ম। তাঁদের উপস্থিতি ছাড়া ঢালাই দেওয়া নিষেধ। তারাও কেউ সময় দিতে পারছেন না। ঈদের আগে ঢালাই হওয়ার কথা ছিল। এসব কারণে এখনো ঢালাই দেওয়া সম্ভব হয়নি। রডগুলোতে মরিচা পড়ে গেছে।সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ২০০১ সালে সর্বপ্রথম সেতুটির দরপত্র আহ্বান করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়। পরে ২০০৫ সালে অসমাপ্ত সেতু প্রকল্পের অধীনে দ্বিতীয়বার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানই সময়মতো পর্যাপ্ত বরাদ্দ না পাওয়া এবং তাদের নিজেদের ব্যর্থতার কারণে সেতু নির্মাণের কাজটি সম্পন্ন করতে পারেননি। তিনি বলেন, ‘কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানই কাজের অতিরিক্ত বিল উত্তোলন করেনি। ওই প্রতিষ্ঠান দুটি তাদের পাওনা বিলের জন্য এখনো আমাদের বিভিন্ন সময়ে চিঠি দিয়ে তাগাদা দিচ্ছে।’সেতুর কাজের ব্যাপারে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল আলম বলেন, তৃতীয়বার যে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু নির্মাণের কাজ করছে সেখানে সড়ক বিভাগের প্রতিনিধি নিয়োগ করা আছে। সমস্যাটি হলো ডিজাইনে ৩৮ মিলিমিটারের রডের কথা উল্লেখ রয়েছে, কিন্তু বাজারে এ পরিমাপের রড বর্তমানে কোথাও পাওয়া যাচ্ছে না। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডিজাইন পরিবর্তনের আবেদন করে অনুমতি পাওয়া গেছে। খুব শিগগির প্রতিষ্ঠানটি কাজ শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে।