রাজার দেউড়ি, তাঁতীবাজার, গোয়ালনগরসহ পুরান ঢাকার কিছু এলাকায় শীত আসার অনেক আগেই গ্যাস-সংকট দেখা দিয়েছে। এসব এলাকায় সকাল ছয়টা থেকে বিকেল প্রায় চারটা পর্যন্ত আট ঘণ্টা চুলায় একেবারেই আঁচ থাকে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।
এ সংকটের কারণে তিতাস গ্যাস কোম্পানির গ্যাসের আশায় না থেকে স্থানীয় রেস্তোরাঁগুলো ছাড়াও কোনো কোনো আবাসিক গ্রাহক বাধ্য হয়ে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করছেন। গতকাল রোববার এসব এলাকায় গিয়ে এ অবস্থা জানা গেছে।
রাজার দেউড়ির বাসিন্দা তরুণ ঘোষের দোকান শাঁখারীবাজারের পানিটোলায়। গতকাল সকালে দোকানে আসার আগে তিনি বাধ্য হয়ে রেস্তোরাঁ থেকে খাবার আনিয়ে তাঁর সন্তানদের খাইয়েছেন। কারণ, চুলায় গ্যাস ছিল না। তিনি বলেন, গ্যাস-সংকটের কারণে অনেক সময় ভোররাতে উঠে তাঁর স্ত্রীকে রান্না করতে হয়। যেদিন উঠতে পারেন না, বাইরে থেকে খাবার আনাতে হয়। গ্যাসের এমন সংকট আগে শীতকালে থাকত। কিন্তু এবার শীত আসার অনেক আগেই এ সমস্যা শুরু হয়েছে।
গোয়ালনগরে একটি নয়তলা ভবনের ফ্ল্যাট মালিকেরা তিতাসের গ্যাসের অভাবে গ্যাস সিলিন্ডার কিনে নিয়েছেন বলে জানিয়েছেন। ওই ভবনের কয়েকজন বাসিন্দা বলেন, গত শীত মৌসুমে দিনে-রাতে মিলিয়ে দুই ঘণ্টাও গ্যাস থাকত না। এখন গ্যাস সমস্যা থাকার কথা নয়। অথচ সাত-আট ঘণ্টা গ্যাস থাকছে না। বাধ্য হয়ে সিলিন্ডার কিনে ব্যবহার করছেন। এর অর্থ হচ্ছে বাড়তি খরচের পাশাপাশি তিতাসকে গ্যাস বিলও দিতে হবে। অথচ গ্যাস থাকে না। অনেকে রাইস কুকার, ইলেকট্রিক হিটার ব্যবহার করে রান্না করছেন। কিন্তু এর জন্য গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল।
প্রসন্ন পোদ্দার লেনেও গ্যাসের একই অবস্থা। রাধিকা মোহন বসাক লেন ও পচা গলিতে অন্তত নয়টি খাবার হোটেল বা রেস্তোরাঁ দেখা গেল, যেগুলোয় তিতাসের গ্যাস-সংযোগ থাকার পরও সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা হচ্ছে। গত মার্চে গ্যাসের তীব্র সংকটের সময় এলাকায় সিলিন্ডারের ব্যবহার দেখা যায়। এ বিষয়ে প্রথম আলোয় প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। সবুজ বাংলা হোটেল থেকে জানানো হয়, এলাকার বাসাবাড়ির বাসিন্দারা অনেকেই বাসার জন্য খাবার কিনে নিয়ে যান। হাজি বাবুল হোটেলের কর্মী রশীদ বিরক্তি প্রকাশ করে বলেন, গ্যাসের জন্য মালিককে বাড়তি খরচ করতে হচ্ছে। এই টাকাটা কর্মচারীরা পেলে অনেক উপকার হতো।
এই সময়ে গ্যাসের সমস্যা থাকার কথা নয়, তারপরও সমস্যা কেন, জানতে চাইলে তিতাস গ্যাসের জরুরি নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, চাহিদার তুলনায় বর্তমানে ঢাকায় কম গ্যাস সরবরাহ হচ্ছে। এর প্রভাব বেশি পড়ছে পুরান ঢাকায়। এই এলাকায় সরু পাইপের কারণেও কিছুটা সমস্যা চলছে। কারণ, পাইপ সংস্কার করা হলেও সব এলাকায় তা সম্ভব হয়নি।